বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের নন-রেসিডেন্ট হাইকমিশনার ডেরেক লোহ বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) সকালে রাজধানীর ২৯ মিন্টো রোডে অবস্থিত বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। সাক্ষাতকালে হাইকমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ অং এবং সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাউথ এশিয়া ও সাব-সাহারা আফ্রিকান ডিরেক্টরেটের কান্ট্রি অফিসার ম্রিথিনি টিজি গ্রিথারান।
বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, দুর্নীতি প্রতিরোধ, শিল্প-বাণিজ্যের উন্নয়ন, গণতন্ত্রের ধারাবাহিক অগ্রগতি, গণভোট এবং বহুল আলোচিত ‘জুলাই সনদ’ বাস্তবায়নসহ প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কারের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়।
সাক্ষাৎকালে হাইকমিশনার ডেরেক লোহ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনমূলক ও ইতিবাচক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। একইসঙ্গে তিনি আগামীতে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করা, বাণিজ্য-সহযোগিতা সম্প্রসারণ এবং দুই দেশের যৌথ উন্নয়ন উদ্যোগে নতুন সম্ভাবনার নতুন দুয়ার খোলার বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
উচ্চপর্যায়ের এই বৈঠকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান (এমপি) এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।
