নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) ফারুক আহমেদ। এর আগে তিনি হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। একই সঙ্গে শিল্পাঞ্চল পুলিশের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও অতিরিক্ত আইজিপি ইসরাইল হাওলাদার।
মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে পুলিশের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে রদবদলের বিষয়টি জানানো হয়।
ফারুক আহমেদ ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা। তার গ্রামের বাড়ি বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার কৈডালা (রণবাঘা) গ্রামে। দীর্ঘ কর্মজীবনে তিনি একজন সৎ, দক্ষ, মেধাবী ও পেশাদার পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি অর্জন করেছেন।
প্রতিবেদন অনুযায়ী, রাজনৈতিক বিবেচনায় বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তাকে পদোন্নতি থেকে বঞ্চিত রাখা হয়েছিল। ২০০৯ সালে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র ১৭ দিনের মাথায় তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমানের হস্তক্ষেপে তাকে ওই পদ থেকে প্রত্যাহার করা হয়।
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে পদোন্নতি ও রদবদলের ধারাবাহিকতায় তিনি এসপি থেকে পদোন্নতি পান। পরবর্তী সময়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে প্রশাসনিক দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দেন তিনি। পরে তাকে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) হিসেবে বদলি করা হয়।
গত ৪ জুন সরকার ফারুক আহমেদসহ পুলিশের পাঁচজন ডিআইজিকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেয়। এর তিন দিন পর ৭ জুন পুলিশ সদর দপ্তরে তাদের নতুন পদমর্যাদার র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।
সর্বশেষ গত ২৮ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে র্যাবের অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব থেকে সরিয়ে ফারুক আহমেদকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এবার তাকে এসআরবির মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হলো।
