চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সাবেক নারী ভাইস চেয়ারম্যান ফারজানা আফরোজ জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন বলে জোরালো গুঞ্জন উঠেছে। এনসিপির নারী উইং ‘জাতীয় নারী শক্তি’র কেন্দ্রীয় পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ পদে তাঁকে পদায়ন করা হতে পারে বলে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ও একাধিক গণমাধ্যমে খবর চাউর হয় যে, সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনির স্ত্রী ফারজানা আফরোজ এনসিপিতে যোগ দিচ্ছেন। তবে এই সংবাদ ছড়িয়ে পড়ার পরপরই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে গণমাধ্যমের সেই ফটোকার্ড শেয়ার করে গোলাম মাওলা রনি দাবি করেন—ওই নারী তাঁর স্ত্রী নন।
ফেসবুক পোস্টে রনি দাবি করেন, ফারজানা আফরোজ সাতকানিয়ার জামায়াত নেতা হারুনের সাবেক স্ত্রী এবং চট্টগ্রামের আলোচিত আওয়ামী লীগ নেতা ‘ঘি বাবুল’ ও আমেরিকা প্রবাসী বিতর্কিত সাংবাদিক ইলিয়াসের ঘনিষ্ঠজন। এদিকে প্রবাসী সাংবাদিক ইলিয়াস এক লাইভ সেশনে দাবি করেন, এই নারী মূলত গোলাম মাওলা রনির ষষ্ঠ স্ত্রী।
তবে রনির প্রকাশ্যে দেওয়া সেই অস্বীকৃতির তীব্র বিপরীত চিত্র উঠে এসেছে প্রকাশ হওয়া নথিপত্রে। জনসমক্ষে আসা তাঁদের রেজিস্টার্ড নিকাহনামার তথ্য অনুযায়ী, গোলাম মাওলা রনি ও ফারজানা আফরোজ ২০২২ সালের ১৩ মে তারিখে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ম্যারেজ সার্টিফিকেটের প্রমাণপত্র হস্তগত হওয়ার পর বিষয়টি স্পষ্ট যে, রনি কোনো অজানা কারণে নিজের বিয়ের সত্যতা গোপন বা আড়াল করার চেষ্টা করছেন।
ব্যক্তিগত জীবনের এই চরম বিতর্ক ও রনির লুকোচুরির মুখেই এনসিপির মতো নতুন রাজনৈতিক জোটে ফারজানা আফরোজের সম্ভাব্য যোগদান নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমীকরণ ও তোলপাড় শুরু হয়েছে।
