দিনভর নানা নাটকীয়তা, পাল্টাপাল্টি কর্মসূচি এবং ১৪৪ ধারা জারির মতো কঠোর বার্তার পর অবশেষে ঝিনাইদহের কালীগঞ্জে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজার তাফসিরুল কোরআন মাহফিল আয়োজন নিয়ে স্থানীয় বিএনপি ও জামায়াত নেতাদের মধ্যে সফল সমঝোতা হয়েছে। মাহফিলে কোনো ধরনের বিতর্কিত বা রাজনৈতিক বক্তব্য দেওয়া হবে না—এমন সুনির্দিষ্ট শর্তে শেষ পর্যন্ত কর্মসূচি চালুর বিষয়ে দুই পক্ষের নেতারা একমত হয়েছেন।
গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে উপজেলা প্রশাসনের মধ্যস্থতায় কালীগঞ্জ থানায় অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এই সংকট নিরসন হয়।
এর আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কার কথা বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই তাফসির মাহফিলের অনুমতি নাকচ করা হয়েছিল। প্রশাসনের এমন নিষেধাজ্ঞার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। জামায়াতের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছিল যে, প্রশাসন বা এলাকায় ১৪৪ ধারা জারি করা হলেও যেকোনো মূল্যে পূর্বনির্ধারিত এই মাহফিল বাস্তবায়ন করা হবে। একই সময়ে একই মাঠে ‘সচেতন কালীগঞ্জবাসী’র ব্যানারে পাল্টা মাদকবিরোধী সমাবেশের ঘোষণা দেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বৃহস্পতিবার রাত ১১টার দিকে কালীগঞ্জ থানায় একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি এবং জামায়াতের সাবেক আমির ওলিয়ার রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
দীর্ঘ আলোচনা শেষে বৈঠক শেষে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব গণমাধ্যমকে জানান, কোরআনের মাহফিলে কোনো ধরনের রাজনৈতিক বক্তব্য না দেওয়ার জন্য প্রধান বক্তা মুফতি আমির হামজাকে বিশেষভাবে অনুরোধ জানানো হবে। এছাড়া শান্তিপূর্ণভাবে মাহফিল সম্পন্ন করতে স্থানীয় বিএনপি ও প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে বলে সিদ্ধান্ত গৃহিত হয়। এর মাধ্যমেই দিনভর চলা চরম উত্তেজনা ও সংঘাতের শঙ্কা কাটিয়ে অবশেষে একটি শান্তিপূর্ণ সমঝোতার পথ উন্মুক্ত হলো।
