টকশো ও সামাজিক যোগাযোগমাধ্যমে পতিত সরকারের পক্ষে অবস্থান নেওয়া এবং বিভিন্ন বিতর্কিত মন্তব্য করার অভিযোগে বর্তমানে বেশ আলোচিত ও সমালোচিত হচ্ছেন শিক্ষক ও বিশ্লেষকখ্যাত নাহিদ আক্তার। একই সঙ্গে এই বলয়ে সক্রিয় অন্যান্য আলোচিত মুখগুলোর কার্যক্রম নিয়েও রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠেছে।
বিশ্লেষণে দেখা গেছে, আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে মাঠে সক্রিয় রয়েছেন সাংবাদিক মঞ্জুরুল হক পান্না। পাশাপাশি আনিস আলমগীর প্রকাশ্যে নিজেকে আওয়ামী পন্থী হিসেবে পরিচয় না দিলেও বিভিন্ন মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষেই নানা ন্যারেটিভ বা বয়ান দাঁড় করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহবুব আজিজ আওয়ামী ঘরানার রাজনৈতিক বয়ান প্রচারের ক্ষেত্রে অন্যতম প্রধান উদ্যোগী ভূমিকা পালন করে চলেছেন।
এই সারিতেই সাম্প্রতিক সময়ে মূলধারার ইলেকট্রনিক মিডিয়া এবং ইউটিউবভিত্তিক টকশোতে নিয়মিত মুখ হিসেবে আবির্ভূত হয়েছেন নাহিদ আক্তার। প্রতিবেদনে তাঁর গত কয়েক মাসের টকশো ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টগুলো বিশ্লেষণ করে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, নাহিদ আক্তার মূলত ৫ আগস্টের পর আওয়ামী পন্থী বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে টকশোতে নিয়মিত অংশ নেওয়া শুরু করেন। পরবর্তীতে সাংবাদিক মাসুদ কামালের ‘অন্য মঞ্চ’ হয়ে তিনি চ্যানেল-আই, নিউজ-২৪ এবং চ্যানেল-ওয়ানের মতো মূলধারার গণমাধ্যমের টকশোতে জায়গা করে নেন। এসব টকশোতে তিনি জুলাই গণঅভ্যুত্থানকে ‘মব সরকার’, ‘আমেরিকার মেটিকুলাস ডিজাইন’, ‘জঙ্গি আন্দোলন’ এবং ‘বাংলাদেশ বিরোধী পাকিদের ক্ষমতায়িত করার আন্দোলন’ হিসেবে অভিহিত করেছেন।
এছাড়া জুলাই অভ্যুত্থানের শহীদ ও আন্দোলনকারীদের বারবার ‘লালবদর’, ‘রাজাকার’ ও ‘জামায়াত-শিবিরের এজেন্ট’ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। শেখ হাসিনার দেশত্যাগ প্রসঙ্গে তাঁর দাবি, জীবন রক্ষার্থে নিরাপত্তা কাঠামোর আওতায় তাঁকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল; এটিকে ‘পালিয়ে যাওয়া’ বলা রাজনৈতিকভাবে সঠিক নয়। এমনকি শহীদ ওসমান হাদিকে নিয়েও তিনি আপত্তিকর ও সমালোচনা মূলক মন্তব্য করেছেন, যদিও তাঁর নিজের ফেসবুক পেজেও বিভিন্ন সময় আক্রমণাত্মক ও অশালীন ভাষা ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে।
একাডেমিক পরিচয়ের বাইরে নাহিদ আক্তারের এই রাজনৈতিক অবস্থান এবং বিভিন্ন প্ল্যাটফর্মে সাবেক ক্ষমতাসীনদের পক্ষে ন্যারেটিভ নির্মাণের প্রচেষ্টা সচেতন মহলে তীব্র প্রতিক্রিয়া ও বিতর্কের জন্ম দিয়েছে।







