যুক্তরাষ্ট্রের কাছ থেকে দখল করা বিভিন্ন উন্নত অস্ত্র ও সামরিক সরঞ্জাম পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে সেগুলোর প্রযুক্তি কাজে লাগিয়ে নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে ইরান। দেশটির রেভল্যুশনারি গার্ডের মহাকাশ ও ক্ষেপণাস্ত্র বাহিনীর কমান্ডারের উপদেষ্টা আলী বালালি সম্প্রতি এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন।
তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন মাস এবং পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে চলা সংঘাতের বিভিন্ন পর্যায়ে যুক্তরাষ্ট্রের যেসব অত্যাধুনিক অস্ত্র ও সামরিক সরঞ্জাম ইরানের নিয়ন্ত্রণে এসেছে, সেগুলোর ওপর বর্তমানে নিবিড় প্রযুক্তিগত গবেষণা চলছে। এসব অস্ত্রের অভ্যন্তরীণ নকশা, সফটওয়্যার ও মেকানিজম বিশ্লেষণ করে তা নিজেদের সামরিক শিল্পে সফলভাবে প্রয়োগের চেষ্টা চালাচ্ছে তেহরান।
তবে মার্কিন অস্ত্রের হুবহু অনুকরণ করা বা নকল তৈরি করাই ইরানের একমাত্র লক্ষ্য নয়। বরং এসব অস্ত্রের মূল ডিজাইনে পরিবর্তন এনে এবং নিজেদের কৌশলগত চাহিদা অনুযায়ী নতুন ধারণা ও আধুনিক প্রযুক্তি যুক্ত করে সম্পূর্ণ নতুন ও কার্যকর অস্ত্র প্রস্তুত করতে চায় দেশটির প্রতিরক্ষা খাত।
এর আগে বিভিন্ন সময়ে মার্কিন সামরিক বাহিনীর বেশ কয়েকটি উন্নত ড্রোন এবং কৌশলগত হরমুজ প্রণালি থেকে চালকবিহীন মার্কিন ডুবোযান বা আনম্যান্ড আন্ডারওয়াটার ভেহিকেল (UAV) সফলভাবে জব্দ করতে সক্ষম হয় ইরান। কৌশলগতভাবে সংবেদনশীল এসব যন্ত্র থেকে সংগৃহীত প্রযুক্তি এখন দেশটির নিজস্ব অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ করতে বড় ভূমিকা রাখছে বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা।







