গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়িঘর, দলীয় কার্যালয় এবং ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত রোববার (১৫ নভেম্বর) দিনভর জেলার বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এই তাণ্ডব চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা দুই ঘণ্টাব্যাপী বিক্ষোভ চলাকালে গোপালগঞ্জ জেলা শহর কার্যত আওয়ামী লীগের নেতাকর্মীদের দখলে ছিল। মিছিল ও বিক্ষোভের সময় অংশগ্রহণকারীদের অনেকের হাতে রামদা, কাতরা, ফুলকুচির মতো ধারালো দেশীয় অস্ত্র এবং লগি-বৈঠা দেখা গেছে। এর আগে গোপালগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড থেকে নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে গোপালগঞ্জ পার্ক ও বিসিক এলাকায় জড়ো হয়ে শহরে প্রবেশ করেন।
বিক্ষোভকারীরা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করলে পুরো শহরজুড়ে এক ভীতিকর পরিবেশ ও চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা জেলা আওয়ামী লীগের তালাবদ্ধ কার্যালয়ে গিয়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ ছাড়া শহরের লঞ্চঘাট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভ এবং এফএনএফ সুপার শপের কাচ ভাঙচুর করা হয়।
হামলাকারীরা বিএনপি নেতা মাহবুব আলী সোহেলের ব্যক্তিগত কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালান এবং ছাত্রদল নেতা রানা মোল্লার অফিসে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেন। একই সঙ্গে গোপালগঞ্জ সরকারি কলেজের নামফলক ভেঙে সেখানে আগের নাম ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। পাশাপাশি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের ব্যানার সরিয়ে সেখানে মুক্তিযোদ্ধা চত্বরের ব্যানার লাগিয়ে দেন বিক্ষোভকারীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মসূচি চলাকালে শহরজুড়ে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, এপিবিএন ও আনসার সদস্য মোতায়েন ছিল এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিজিবির টহলও দেখা গেছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সামনে দিয়েই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রকাশ্যে মিছিল ও মহড়া দিলেও কোনো প্রতিরোধ দেখা যায়নি।
অন্যদিকে, একই দিন বিকেল ৪টার দিকে জেলার টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা অংশ নেন। ওই বিক্ষোভ মিছিল থেকে বিএনপি সমর্থিত তিনজন ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানে অতর্কিত হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরবর্তীতে স্থানীয় এক যুবদল নেতার কার্যালয়ে এবং স্বেচ্ছাসেবক দল নেতা জসিমের বসতবাড়িতেও ব্যাপক ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন হামলাকারীরা।
