গোপালগঞ্জে আওয়ামী লীগের সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার ঘটনার তীব্র সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি মন্তব্য করেছেন, সুযোগ পেলে আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের ওপর এভাবেই প্রতিশোধ নিতে চায়।
সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে গোপালগঞ্জের সহিংসতার প্রসঙ্গ তুলে সাদিক কায়েম লেখেন, গোপালগঞ্জে আওয়ামী লীগের যে তাণ্ডব ও সহিংসতা দেখা গেছে, সেটিই দলটির প্রকৃত চিত্র। সুযোগ পেলে তারা বাংলাদেশের জনগণের ওপর এভাবেই প্রতিশোধ নিতে চায়।
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকারও সমালোচনা করেন তিনি। সাদিক কায়েম বলেন, গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএনপি সরকারের যে ব্যর্থতা প্রকাশ পেয়েছে, তা রাষ্ট্র পরিচালনায় তাদের সক্ষমতার পরিচয় বহন করে।
এ ছাড়া পোস্টের শেষাংশে দেশজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান এবং সহিংসতায় ক্ষতিগ্রস্তদের সহায়তা নিয়ে সরকারের কাছে জবাবদিহি দাবি করেন ডাকসুর ভিপি।
তিনি প্রশ্ন তোলেন, গত কয়েক দিনে সারা দেশে আওয়ামী লীগের কতজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে? নাশকতায় আহত ব্যক্তিদের চিকিৎসা এবং নিহতদের পরিবারের সহায়তায় রাষ্ট্র কী ধরনের উদ্যোগ নিয়েছে?
