বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়াত নেতা অ্যাডভোকেট রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর এক বর্বরোচিত ও নৃশংস হামলার ঘটনা ঘটেছে। গত ১৬ নভেম্বর রাতে যুবদল নেতা নয়ন ও তাঁর সহযোগীরা জোরপূর্বক তাঁকে গাড়ি থেকে তুলে নিয়ে একটি অজ্ঞাত বাসার টর্চার সেলে আটকে রেখে অমানবিক নির্যাতন চালান বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টর্চার সেলে আটকে রেখে অ্যাডভোকেট রাহেদুল ইসলাম রঞ্জুকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারার পাশাপাশি লোহার রড দিয়ে বেধড়ক পেটানো হয়। এই পৈশাচিক হামলায় তাঁর হাতের কনুই থেকে কব্জি পর্যন্ত হাড় কয়েক স্থানে ভেঙে গেছে। এ ছাড়া লোহার রডের আঘাতে তাঁর দুই পা মারাত্মকভাবে ফুলে গিয়ে গুরুতর জখম হয়েছে।
রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করার পর বর্তমানে তিনি রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তাঁর চিকিৎসা চলছে।
এদিকে, হামলার খবর পেয়ে গুরুতর আহত আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জুকে দেখতে হাসপাতালে ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন। তিনি হাসপাতালে উপস্থিত হয়ে আহত এই আইনজীবীর শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনায় দোয়া করেন।
দেশের সর্বোচ্চ আদালতের একজন জ্যেষ্ঠ আইনজীবী ও পেশাজীবীর ওপর এ ধরনের মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনায় আইনজীবী সমাজ ও সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনাকে আইনের শাসন, মানবাধিকার ও সাধারণ নাগরিকের নিরাপত্তার জন্য চরম উদ্বেগজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলার মূল হোতা যুবদল নেতা নয়নসহ জড়িত সব সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি উঠেছে। পাশাপাশি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর আহ্বান জানানো হয়েছে।







