মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বর্তমান নৌ-সামরিক উপস্থিতি গত ফেব্রুয়ারি ও মার্চে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ যুদ্ধের সর্বোচ্চ পর্যায়কেও ছাড়িয়ে গেছে। ইসরায়েলি গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ (আইএনএসএস) সাম্প্রতিক এক বিশ্লেষণে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে।
উপসাগরীয় জলসীমা, আরব সাগর, লোহিত সাগর এবং ভূমধ্যসাগরে মার্কিন সামরিক বাহিনীর গতিবিধি ও প্রকাশ্যে আসা তথ্য-উপাত্ত পর্যালোচনা করে প্রতিবেদনটি তৈরি করেছে আইএনএসএস। সংস্থাটির মতে, বর্তমান এই ব্যাপক নৌ মোতায়েনের ফলে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলা চালানোর পাশাপাশি যেকোনো ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। তবে সেখানে মোট কতটি যুদ্ধজাহাজ বা কতজন মার্কিন সেনা বর্তমানে মোতায়েন রয়েছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো সংখ্যা প্রকাশ করেনি সংস্থাটি।
আইএনএসএসের প্রকাশিত মানচিত্রে ওই অঞ্চলের জলসীমায় ‘ইউএসএস জর্জ ওয়াশিংটন’, ‘ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ’ এবং ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’—এই তিনটি বিশালাকার মার্কিন বিমানবাহী রণতরির অবস্থান চিহ্নিত করা হয়েছে। রণতরিগুলোর পাশাপাশি বহরে আরও বেশ কয়েকটি অত্যাধুনিক মার্কিন যুদ্ধজাহাজ রয়েছে বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠানটি।
সংস্থাটির হিসাব অনুযায়ী, মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধবিমানগুলোতে জ্বালানি সরবরাহের জন্য ২০০টিরও বেশি বিশেষায়িত বিমান প্রস্তুত রাখা হয়েছে। তবে নৌ-শক্তি বাড়ানো হলেও স্থলঘাঁটিতে মোতায়েন মার্কিন বিমানশক্তি গত মার্চ মাসের তুলনায় কিছুটা কম বলে জানানো হয়েছে। কৌশলগত কারণে কিছু যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যের আরও পশ্চিমাঞ্চলে সরিয়ে নেওয়া হয়েছে এবং কিছু বিমান ইউরোপের ঘাঁটিগুলোতে স্থানান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযান শুরু করেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর পাল্টা জবাব হিসেবে ইরানও ইসরায়েলসহ বিভিন্ন আরব দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। পরবর্তীতে গত জুনে ওয়াশিংটন ও তেহরান একটি সমঝোতা স্মারকে সই করলেও কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নৌযান চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে তীব্র মতবিরোধের জেরে সেই চুক্তির বাস্তবায়ন আটকে যায়।
এদিকে, গত ৯ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে সামরিক দিক থেকে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ কার্যত শেষ হয়ে গেছে। তবে তেহরানের ওপর কঠোর অর্থনৈতিক চাপ অব্যাহত রাখতে সমুদ্রপথে মার্কিন নৌ-অবরোধ আগের মতোই চলমান থাকবে বলে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন।







