প্রধানমন্ত্রী ও বিএনপির সভাপতি তারেক রহমান দলের সব সংসদ সদস্যকে নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। বৈঠকের একটি সূত্র সমকালের কাছে এই তথ্য নিশ্চিত করেছে।

আজ দুপুর আড়াইটায় সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে বিএনপির সংসদীয় দলের সকল সদস্য অংশ নেন।
সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজানের পরিচালনায় অনুষ্ঠিত ওই সভায় মূল মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
বৈঠকে অংশ নেওয়া সংসদ সদস্যরা জানান, সভায় দেশের বর্তমান সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, পোশাক শিল্পের বর্তমান অবস্থা এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
উল্লেখ্য, গত ৯ নভেম্বর সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়। অধিবেশন শুরুর আগেও সরকারি দলের সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়েছিল। এটি ছিল এই অধিবেশনের দ্বিতীয় সভা। সংসদের কার্যউপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আজই এই চতুর্থ অধিবেশনের আনুষ্ঠানিক সমাপ্তি হওয়ার কথা রয়েছে।







