চীনের শেনজেনে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ভেন্যুর বাইরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে থাকা পারমাণবিক হামলার নির্দেশ দেওয়ার বিশেষ ব্রিফকেসটি প্রকাশ্যে দেখা গেছে। সম্মেলনস্থলের বাইরে দায়িত্বে থাকা এক রুশ কর্মকর্তার হাতে ব্রিফকেসটি দেখতে পাওয়ার পর এ নিয়ে এক সাংবাদিকের সঙ্গে তাঁর কথোপকথনের ভিডিও ইতিমধ্যে অনলাইনে ছড়িয়ে পড়েছে।
ক্রেমলিন-নিয়ন্ত্রিত রাশিয়া-১ টেলিভিশন চ্যানেলের সংবাদদাতা এবং ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানের সহ-উপস্থাপক ইয়েভগেনি পোপভ সম্মেলনস্থলের বাইরে ইউনিফর্ম পরা ওই কর্মকর্তার কাছে এগিয়ে যান। তিনি কর্মকর্তাটির হাতে থাকা ব্রিফকেসটি দেখিয়ে জানতে চান, এটি পারমাণবিক হামলার অনুমোদন দেওয়ার কাজে ব্যবহৃত সেই বিশেষ ব্রিফকেস কি না।
জবাবে ওই কর্মকর্তা ‘হ্যাঁ’ সূচক উত্তর দেন। এরপর পোপভ পুনরায় বিষয়টি নিশ্চিত হতে চাইলে কর্মকর্তাটি জানান, এটিই সেই ব্রিফকেস। এমন উত্তরে উপস্থাপক পোপভকে বেশ বিস্মিত হয়ে ‘অবিশ্বাস্য’ বলতে শোনা যায়।
তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, সংবেদনশীল পারমাণবিক আলোচনাকে সামনে রেখে ক্রেমলিনের কৌশলগত বার্তা প্রচারের অংশ হিসেবে এই ঘটনাটি পূর্বপরিকল্পিতভাবে সাজানো হয়ে থাকতে পারে। এর আগে ২০২৩ সালের অক্টোবরে পুতিনের বেইজিং সফরের সময়ও একইভাবে নৌবাহিনীর দুই কর্মকর্তার হাতে দুটি ব্রিফকেস দেখা গিয়েছিল। সে সময় রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়ার এক সংবাদদাতা মন্তব্য করেছিলেন, এমন কিছু ব্রিফকেস রয়েছে যেগুলো ছাড়া পুতিনের কোনো সফরই সম্পূর্ণ হয় না।
রাশিয়ার এই বিশেষ পারমাণবিক ব্রিফকেসটি ‘চেগেট’ নামে পরিচিত, যা ককেশাস অঞ্চলের মাউন্ট চেগেটের নামানুসারে রাখা হয়েছে। ১৯৮০-এর দশকে এই ব্যবস্থাটি তৈরি করা হয় এবং ১৯৮৫ সালে সোভিয়েত ইউনিয়নের নেতা মিখাইল গর্বাচেভের দায়িত্ব গ্রহণের সময় এটি কার্যকর হয়। সাধারণত রুশ প্রেসিডেন্টের সঙ্গে থাকা নৌবাহিনীর একজন কর্মকর্তা এটি বহন করেন, যদিও জনসমক্ষে এটি খুব কমই দেখা যায়। প্রেসিডেন্ট ছাড়াও রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী এবং জেনারেল স্টাফের প্রধানের কাছে এ ধরনের আরও দুটি ব্রিফকেস থাকে।
ব্যবস্থাটি তৈরির সঙ্গে যুক্ত ভ্যালেনতিন গোলুবকভ ২০১৪ সালে রুশ সংবাদমাধ্যম কমসোমলস্কায়া প্রাভদাকে জানিয়েছিলেন, প্রেসিডেন্টের সঙ্গে দেশের শীর্ষ সামরিক নেতৃত্বের নিরাপদ যোগাযোগ নিশ্চিত করা এবং বিশাল পারমাণবিক অস্ত্রভাণ্ডারকে একটি একক ব্যবস্থার আওতায় সমন্বয় করাই এর মূল লক্ষ্য। মূলত ইউরোপে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিপ্রেক্ষিতে মাত্র কয়েক মিনিটের মধ্যে পাল্টা পারমাণবিক হামলার অনুমোদন নেওয়া এবং অনুমোদন ছাড়া যাতে কোনো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা না যায়, তা নিশ্চিত করতেই এটি তৈরি করা হয়েছিল। প্রেসিডেন্টের অনুমোদনের বিষয়টি প্রতিরক্ষামন্ত্রী ও জেনারেল স্টাফের প্রধানের কাছে থাকা ব্রিফকেসের সঙ্গে সমন্বয় করে সম্পন্ন হয়।
উল্লেখ্য, মঙ্গলবার (১৭ নভেম্বর) এপেক সম্মেলনে যোগ দিতে শেনজেনে পৌঁছান ভ্লাদিমির পুতিন। ২১টি সদস্য অর্থনীতির নেতাদের এই সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে।
হোয়াইট হাউস জানিয়েছে, বিশ্বনেতাদের এই আলোচনায় পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। চীনের ক্রমবর্ধমান পারমাণবিক অস্ত্রভাণ্ডার নিয়ে ওয়াশিংটনের উদ্বেগ এবং ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার পারমাণবিক অবস্থান ঘিরে সৃষ্ট উত্তেজনার মধ্যেই এই আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর পুতিন রাশিয়ার পারমাণবিক বাহিনীকে বিশেষ সতর্কাবস্থায় রাখার পাশাপাশি মস্কোকে ‘নিউ স্টার্ট’ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির কার্যক্রম থেকে সরিয়ে নেন এবং দেশের পারমাণবিক প্রতিরোধনীতির নির্দেশিকায় পরিবর্তন আনেন।







