চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক যুদ্ধকে অর্থহীন বলে অভিহিত করেছেন। একই সঙ্গে এ ধরনের যুদ্ধ কখনোই হওয়া উচিত নয় বলে একমত হয়েছেন তিন নেতা। নজিরবিহীন এক ত্রিপক্ষীয় বৈঠকের পর তাদের সম্মতির ভিত্তিতে চার দফা ‘শান্তি ঘোষণা’ প্রকাশ করেছে চীন।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া প্রকাশিত ওই ঘোষণায় বলা হয়েছে, বৈশ্বিক কৌশলগত স্থিতিশীলতা ও আন্তর্জাতিক নিরাপত্তা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন তিন নেতা। পাশাপাশি পারমাণবিক ঝুঁকি হ্রাস এবং পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে পারস্পরিক সংলাপ অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন তারা।
প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে ইউক্রেনে রাশিয়ার চলমান যুদ্ধ এবং ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযান নিয়েও আলোচনা হয়েছে।
ঘোষণায় জাতিসংঘকে আরও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে প্রয়োজনীয় সংস্কারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এবং এ ধরনের আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে নিজ নিজ এখতিয়ারের অপব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিন নেতা।
সূত্র: মিডল ইস্ট আই
