আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে রাজধানীর বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে পার্ক করা গাড়িতে এ ঘটনা ঘটে। এতে গাড়িটির একাংশ পুড়ে গেছে।
এ ঘটনায় বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবি পার্টি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাত আনুমানিক ৩টার দিকে মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত অটোরিকশায় করে এসে মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে বোতলে থাকা দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন জ্বলে উঠলে তারা দ্রুত অটোরিকশাযোগে ঘটনাস্থল ত্যাগ করে।
এ সময় কেন্দ্রীয় কার্যালয়ের নৈশপ্রহরীরা সিসিটিভি ক্যামেরায় ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত আগুন নেভানোর উদ্যোগ নেন। তবে এর আগেই গাড়িটির একাংশ পুড়ে যায়।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছেন এবি পার্টির কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
বিবৃতিতে তারা বলেন, একটি রাজনৈতিক দলের চেয়ারম্যানের গাড়িতে গভীর রাতে অগ্নিসংযোগ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি রাজনৈতিক অসহিষ্ণুতা, ভীতি প্রদর্শন ও সন্ত্রাসবাদের বহিঃপ্রকাশ এবং গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের ওপর সরাসরি আঘাত। এ ধরনের কাপুরুষোচিত হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে এবি পার্টিকে দমিয়ে রাখা যাবে না।
নেতৃদ্বয় আরও বলেন, আগুন-সন্ত্রাস, হামলা কিংবা ভয়ভীতি প্রদর্শন করে কোনো রাজনৈতিক শক্তিকে দমিয়ে রাখার চেষ্টা গ্রহণযোগ্য নয়। তাদের অভিযোগ, পতিত ফ্যাসিবাদী শক্তি দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে।
তারা দেশের গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।
একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান তারা।
