দেশের চলমান রাজনৈতিক সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে টানা ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ২১ নভেম্বর রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হবে, যা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে রাজধানীসহ দেশের মহানগর, জেলা, উপজেলা ও থানা পর্যায়ে সমাবেশ, বিক্ষোভ মিছিল, আলোচনা সভা, মানববন্ধন, বিজয় র্যালি, রক্তদান কর্মসূচি ও মেডিকেল ক্যাম্প। এ ছাড়া ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী ও নারীদের অংশগ্রহণে পৃথক কর্মসূচিও পালন করবে দলটি।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দেশের সাম্প্রতিক রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
জামায়াতের ঘোষিত কর্মসূচি
- ২১ নভেম্বর: বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সন্ত্রাস, নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল।
- ২৫ নভেম্বর: ঢাকা ছাড়া ১১টি মহানগরে একই দাবিতে সমাবেশ ও মিছিল। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মহিলা বিভাগের উদ্যোগে ঢাকায় মানববন্ধন।
- ২৬ নভেম্বর: জেলা সদরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল।
- ২৯ নভেম্বর: ফিলিস্তিনের জনগণের সঙ্গে আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা।
- ৩০ নভেম্বর: দেশব্যাপী উপজেলা ও থানা সদরে সমাবেশ ও মিছিল।
- ২ ডিসেম্বর: পোশাকশিল্পের অস্থিরতা ও সংকট নিরসনে ঢাকায় আলোচনা সভা।
- ৬ ডিসেম্বর: স্বৈরাচার পতন ও কেয়ারটেকার সরকার দিবস উপলক্ষে আলোচনা সভা।
- ৯ ডিসেম্বর: আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা।
- ১০ ডিসেম্বর: আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আইনজীবীদের উদ্যোগে আলোচনা সভা।
- ১৩ ডিসেম্বর: ঢাকায় ব্যবসায়ী সম্মেলন।
- ১৪ ডিসেম্বর: শহীদ বুদ্ধিজীবী দিবস পালন।
বিজয় দিবস ঘিরে বিশেষ আয়োজন
- ১৫ ডিসেম্বর: ঢাকায় আলোচনা সভা।
- ১৬ ডিসেম্বর: রাজধানীসহ দেশব্যাপী বিজয় র্যালি।
- ১৯ ডিসেম্বর: শহীদ শরীফ ওসমান বিন হাদির শাহাদাত উপলক্ষে আলোচনা সভা ও দোয়া।
- ২০ ডিসেম্বর: চিকিৎসকদের উদ্যোগে আলোচনা সভা।
- ২১ ডিসেম্বর: প্রকৌশলীদের উদ্যোগে আলোচনা সভা।
- ২৩ ডিসেম্বর: মহিলা বিভাগের উদ্যোগে আলোচনা সভা।
- ২৬-৩১ ডিসেম্বর: দেশব্যাপী রক্তদান কর্মসূচি, মেডিকেল ক্যাম্প এবং যুদ্ধাহত ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদান।
সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিজয়ের মাস ডিসেম্বর—এই দুটি বিষয় বিবেচনায় নিয়ে কর্মসূচি প্রণয়ন করা হয়েছে। সন্ত্রাস, নাশকতা ও সহিংসতা প্রতিরোধের পাশাপাশি রাজনৈতিক সংকট নিরসনে জনমত গড়ে তোলাও এর অন্যতম লক্ষ্য।
তিনি অভিযোগ করেন, গণভোটের রায় কার্যকর না করে সরকার বিরোধী দলগুলোকে পাশ কাটিয়ে একতরফাভাবে এগিয়ে যাচ্ছে। এতে রাজনৈতিক অঙ্গনে সংকট তৈরি হয়েছে। সংসদে এ সংকটের সমাধান না হওয়ায় রাজপথের আন্দোলনও অব্যাহত রয়েছে। সরকার দ্রুত অবস্থান পরিবর্তন না করলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।
দেশের ৭০ শতাংশ মানুষের রায় উপেক্ষা করায় সরকারের প্রতি জনআস্থা কমছে বলেও মন্তব্য করেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, একদিকে শ্রমিকদের ন্যায্য মজুরি ও পোশাকশিল্পের স্বার্থ নিয়ে সংকট তৈরি হয়েছে, অন্যদিকে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে সন্ত্রাস, সহিংসতা, ভাঙচুর ও নাশকতার ঘটনা ঘটছে। এতে জাতীয় জীবনে উদ্বেগ ও অস্থিরতা বাড়ছে।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, এসব ঘটনা এখন আর শুধু গোপালগঞ্জে সীমাবদ্ধ নেই; দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে। তাদের কাছে থাকা তথ্য অনুযায়ী, ২২টির বেশি জেলায় সংঘাতের ঘটনা ঘটেছে। এতে হতাহতের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে।
জাতীয় সংকট মোকাবিলায় সরকার, বিরোধী দল ও জনগণের মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, জামায়াতে ইসলামী দেশপ্রেমিক এবং আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ রাখতে চায়। একই সঙ্গে জনগণকে সঙ্গে নিয়ে নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা প্রতিহত করতে জনগণকে সঙ্গে নিয়ে নিয়মতান্ত্রিক ও অহিংস আন্দোলন করবে জামায়াত। ফ্যাসিবাদ প্রতিহত করার অর্থ গাড়ি পোড়ানো বা মানুষ হত্যা নয়; জনগণই হবে এ আন্দোলনের প্রধান শক্তি।
বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের বিষয়ে তিনি বলেন, জামায়াতের সব কর্মসূচি দলীয়ভাবে পালিত হবে। ১১ দলীয় জোটের বৈঠক হলেও প্রতিটি শরিক দল নিজ নিজ অবস্থান থেকে কর্মসূচি ঘোষণা করবে। বিএনপির সঙ্গে যৌথ আন্দোলনের বিষয়ে কেন্দ্রীয়ভাবে কোনো সিদ্ধান্ত হয়নি।
সরকারের জাতীয় ঐক্যের আহ্বান প্রসঙ্গে মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় যে ইস্যুতে রাজনৈতিক দলগুলো এক মঞ্চে এসেছিল, সেই জুলাই সনদ ও রাষ্ট্রব্যবস্থা সংস্কারের বিষয়গুলোর আগে সমাধান প্রয়োজন। ঐক্যবদ্ধ হতে হলে জুলাইয়ে যে বিষয়গুলোকে কেন্দ্র করে রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছিল, সরকারকে আগে সেগুলো বাস্তবায়ন করতে হবে।
সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা উপস্থিত ছিলেন।







