মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়ায় বাংলাদেশে পরিচালিত মেডিকেল পরীক্ষা কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও শৃঙ্খলা নিশ্চিত করতে এফডব্লিউএমএস (FWMS)-এর আওতাভুক্ত মেডিকেল সেন্টারগুলোর জন্য ১১ দফা নির্দেশনা জারি করেছে সরকার।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
নির্দেশনায় যেসব বিষয় উল্লেখ করা হয়েছে
১. মেডিকেল স্লিপ ইস্যুতে সীমা: ডিমান্ড লেটারে উল্লেখিত কর্মীর সংখ্যার ভিত্তিতে মেডিকেল স্লিপ দিতে হবে। নির্ধারিত সংখ্যার সর্বোচ্চ ৫ শতাংশ অতিরিক্ত স্লিপ ইস্যু করা যাবে। এর বেশি স্লিপ দেওয়ার সুযোগ থাকবে না।
২. দৈনিক প্রতিবেদন সংরক্ষণ: প্রতিদিন সম্পন্ন হওয়া মেডিকেল পরীক্ষার ব্যক্তিভিত্তিক বিস্তারিত প্রতিবেদন তৈরি, সংরক্ষণ এবং অনলাইনে পাঠাতে হবে।
৩. মন্ত্রণালয়ে তথ্য জমা: প্রতিটি পরীক্ষার প্রতিবেদন সংশ্লিষ্ট তথ্যসহ অনলাইনে মন্ত্রণালয়ে দাখিল করতে হবে। এতে প্রার্থীর নাম, পাসপোর্ট নম্বর, ভিসা নম্বরসহ প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে উল্লেখ থাকতে হবে।
৪. মেডিকেল পরীক্ষার ফি: পরীক্ষার সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ৮ হাজার টাকা। এর বাইরে প্রার্থীদের কাছ থেকে কোনো অতিরিক্ত অর্থ নেওয়া যাবে না।
৫. হয়রানি ও জালিয়াতি প্রতিরোধ: কোনো কর্মীকে ইচ্ছাকৃতভাবে আনফিট ঘোষণা করে অপ্রয়োজনীয়ভাবে একাধিকবার মেডিকেল পরীক্ষা করানো যাবে না। একই সঙ্গে ভুয়া বা জাল মেডিকেল প্রতিবেদন তৈরি, সরবরাহ কিংবা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
৬. অতিরিক্ত ব্যয়ের দায়: বাংলাদেশে মেডিকেল পরীক্ষায় ফিট হওয়ার পর মালয়েশিয়ায় পৌঁছে নিয়োগপ্রাপ্ত হওয়ার আগে কোনো কর্মী আনফিট ঘোষিত হলে তার যাবতীয় ব্যয় সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারকে বহন করতে হবে। দেশে ফেরত পাঠানোর খরচও এর অন্তর্ভুক্ত থাকবে।
৭. অবকাঠামো ও সেবার মান: প্রতিটি মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি, পরীক্ষা-নিরীক্ষার সরঞ্জাম ও পর্যাপ্ত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত মান ও নির্ধারিত নিয়ম অনুসরণ করে পরীক্ষা পরিচালনার পাশাপাশি পর্যাপ্ত বসার ব্যবস্থাও রাখতে হবে।
৮. মাইগ্রাম ফি নিষিদ্ধ: ‘মাইগ্রাম’ (MyGram) নামে প্রার্থীদের কাছ থেকে কোনো ধরনের অর্থ আদায় করা যাবে না।
৯. শাস্তিমূলক ব্যবস্থা: নির্দেশনার যেকোনো শর্ত লঙ্ঘন করলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারের জামানত বাজেয়াপ্ত, লাইসেন্স বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
১০. কঠোর তদারকি: নির্দেশনাগুলোর বাস্তবায়ন নিশ্চিত করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি শক্তিশালী মনিটরিং টিম গঠন করা হবে।
১১. দৃশ্যমান বিলবোর্ড স্থাপন: প্রতিটি মেডিকেল সেন্টারের প্রবেশপথের সামনে বড় ও দৃশ্যমান বিলবোর্ড স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে।
নতুন নির্দেশনাগুলোর মাধ্যমে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা প্রক্রিয়ায় অনিয়ম, অতিরিক্ত অর্থ আদায়, হয়রানি ও জালিয়াতি প্রতিরোধের পাশাপাশি সেবার মান নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
