পটুয়াখালীতে এক রাতেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আট নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর পর্যন্ত পৌর শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে এসব ঘটনা ঘটে।
অভিযোগ উঠেছে, হামলার সময় কয়েকটি বাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি পেট্রলবোমাও নিক্ষেপ করা হয়েছে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
হামলার শিকার বাসভবনগুলোর মধ্যে রয়েছে—কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন এবং উপদেষ্টা খলিলুর রহমান মোহন মিয়ার বাড়ি। এ ছাড়া সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়া, শ্রমিক লীগ নেতা খলিলুর রহমান এবং কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সোহেলের বাসভবনেও হামলা চালানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হামলায় কয়েকটি বাড়ির আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আকস্মিক এই হামলার পর আতঙ্কে কয়েকটি পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে অন্যত্র নিরাপদ আশ্রয়ে চলে গেছেন।
স্থানীয়দের ধারণা, ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করেই এসব হামলার ঘটনা ঘটে থাকতে পারে। তবে হামলাকারীদের পরিচয় এবং ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পটুয়াখালী ফায়ার সার্ভিসের টিম লিডার মনোজ দত্ত জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের প্রকৃত সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।
এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা এসব ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
একই রাতে ধারাবাহিক এসব হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় পটুয়াখালী শহর ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
