কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশ ও দেশের মানুষের কল্যাণে রাজনীতি করে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। একই সঙ্গে তিনি আওয়ামী লীগ ও বিএনপিসহ দেশের সব রাজনৈতিক দলকে একসঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে ভোলা শহরের একটি রেস্তোরাঁয় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখার যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে চরমোনাই পীর বলেন, তারা দেশ ও দেশের মানুষের কল্যাণে রাজনীতি করে বলে দাবি করলেও বর্তমান কর্মকাণ্ডে জনকল্যাণের কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। চলমান জ্বালাও-পোড়াও কর্মকাণ্ডকে দেশ ধ্বংস করার একটি প্রক্রিয়া হিসেবে উল্লেখ করে তিনি ব্যক্তি স্বার্থ পরিহার করে দেশের কল্যাণে সব রাজনৈতিক দলকে একসঙ্গে বসে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের নামে বর্তমানে যেসব ভাঙচুর, অগ্নিসংযোগ, মানুষ হত্যা, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ও থানায় আগুন দেওয়ার মতো ঘটনা ঘটছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য রাজনীতি হতে পারে না। এসব কোন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড, সে প্রশ্নও তোলেন তিনি।
২০২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যাশায় ছাত্র-জনতা জীবন দিয়েছিলেন। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি। আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, যাদের রাষ্ট্র পরিচালনার চেয়ারে বসানো হয়েছে, সেখানে পুরোনোরাই নতুন রূপে ফিরে এসেছে।
এ সময় বিএনপির উদ্দেশে তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার আগে গণভোটের রায় বাস্তবায়নসহ জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। জনগণের রায় উপেক্ষা করে কেউ দেশ পরিচালনা করতে পারবে না বলেও তিনি মন্তব্য করেন।
ইসলামি আদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করা হলে দেশ সুখী ও সমৃদ্ধ হবে বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির। তাঁর মতে, অতীত ও বর্তমান সরকারগুলোর নীতি ও আদর্শ ব্যর্থ হয়েছে; তাই এখন ইসলামই একমাত্র কার্যকর আদর্শ এবং সব পক্ষ একসঙ্গে কাজ করলে দেশে সমৃদ্ধির নতুন অধ্যায় তৈরি হতে পারে।
