দক্ষিণাঞ্চলীয় আল-কাদিসিয়া বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের পড়ানোর দায়িত্ব থেকে পুরুষ শিক্ষকদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে। গত দুই সপ্তাহে নিজেদের শিক্ষকদের ফিরিয়ে আনার দাবিতে প্রায় ৪০০ নারী শিক্ষার্থী আন্দোলনে নেমেছেন। অধিকারকর্মীদের আশঙ্কা, এই পদক্ষেপ ইরাককে তালেবানশাসিত আফগানিস্তানের মতো নারী-পুরুষের কঠোর বিভাজন নীতির দিকে ঠেলে দিতে পারে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, নারী ও পুরুষের ‘মেলামেশা বন্ধ’ করতে এবং শিক্ষার্থীদের পরিবারের অনুরোধেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে বিক্ষোভকারী শিক্ষার্থীরা কর্তৃপক্ষের এ বক্তব্য নাকচ করে দিয়েছেন। তাঁদের ভাষ্য, ভর্তির আগে থেকেই তাঁদের পরিবার জানত যে সেখানে পুরুষ শিক্ষকেরা পাঠদান করেন, এবং বর্তমান আন্দোলনে পরিবারের সমর্থনও রয়েছে।
বিক্ষোভে বাধা ও পাল্টা অভিযোগ
শিক্ষার্থীদের অভিযোগ, হঠাৎ করে শিক্ষকদের সরিয়ে দেওয়ায় স্নাতক পর্যায়ের প্রকল্প ও গবেষণার কাজ নিয়ে তাঁরা চরম অনিশ্চয়তায় পড়েছেন। দীর্ঘদিনের পরিচিত শিক্ষক ও তত্ত্বাবধায়কদের বদলে নতুন শিক্ষকের কাছে কাজ বুঝিয়ে দেওয়াও কঠিন হয়ে দাঁড়িয়েছে। প্রতিবাদ জানাতে গেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের উদ্বেগ নিয়ে আলোচনা করতে রাজি হয়নি এবং উল্টো বিক্ষোভ নিয়ে উপহাস করেছে।
২২ বছর বয়সী শিক্ষার্থী হুদা জানান, সহপাঠীদের সঙ্গে বিক্ষোভে গেলে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট রাহি আল-ইয়াসিরি দেহরক্ষীদের নিয়ে তাঁদের পথ আটকে দেন এবং ভয়ভীতি ও শাস্তির উদ্দেশ্যে তাঁদের মুখের ছবি তোলার নির্দেশ দেন। তিনি প্রশ্ন তোলেন, ইরাকে নারী-পুরুষ উভয়ের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক থাকতে পারলে নারী শিক্ষার্থীদের পুরুষ শিক্ষকদের কাছে পড়তে বাধা দেওয়া হবে কেন। হতাশা প্রকাশ করে প্রেসিডেন্ট আল-ইয়াসিরি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষকদের আর ফিরিয়ে আনা হবে না।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমের একটি অংশের দাবি, পুরুষ শিক্ষকদের ফিরিয়ে আনার পেছনে শিক্ষার্থীদের উদ্দেশ্য ‘অনৈতিক সম্পর্ক’ গড়ে তোলা। তবে শিক্ষার্থীদের অবস্থান, সিদ্ধান্তে সন্তুষ্ট না হলে পড়াশোনা ছেড়ে দেওয়ার কথাও জানিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
অধিকারকর্মীদের উদ্বেগ
সিদ্ধান্তটি নিয়ে ইরাক ও আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে। যুক্তরাজ্যের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের ইরাকি-ব্রিটিশ নারীবাদী গবেষক বালসাম মুস্তাফা বলেন, নারী শিক্ষার্থীদের এমনভাবে দেখা হচ্ছে যেন তাঁরা অপ্রাপ্তবয়স্ক এবং নিজেদের শিক্ষাজীবনকে প্রভাবিত করে এমন সিদ্ধান্তের বিরোধিতা করার অধিকার তাঁদের নেই। তাঁর মতে, এটি ইরাকে নারীর অধিকার সংকুচিত হওয়ার উদ্বেগজনক ধারাকেই তুলে ধরে।
ইরাকের আইনজীবী ও মানবাধিকারকর্মী ইসরা সালমান এ পদক্ষেপকে ‘সামাজিক বিপর্যয়’ হিসেবে আখ্যা দিয়েছেন। তাঁর মতে, নারীদের প্রতিভা দমিয়ে রেখে সমাজকে তালেবানশাসিত কাবুলের মতো রূপ দেওয়ার চেষ্টা চলছে, যা ইরাকের সংবিধান এবং দেশটির অনুসমর্থিত আন্তর্জাতিক চুক্তি ও সনদের পরিপন্থী।
