অস্ট্রেলিয়ার মূলধারার সমাজে মুসলিম সম্প্রদায়ের সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (২১ নভেম্বর) স্থানীয় সময় দুপুর দেড়টায় অস্ট্রেলিয়ার সিডনির চুল্লোরাতে ‘অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিল’ (এএনআইসি) আয়োজিত এক মতবিনিময় সভা ও মধ্যাহ্নভোজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সমাজকল্যাণ:
আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সভায় ডা. শফিকুর রহমান অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, সংগঠনটি বিভিন্ন মুসলিম সম্প্রদায়কে একই ছাতার নিচে ঐক্যবদ্ধ করে সমাজের কল্যাণে যেভাবে কাজ করছে, তা অত্যন্ত প্রশংসনীয়। অস্ট্রেলিয়ার মূলধারার সমাজে মুসলমানদের অবস্থান আরও সুদৃঢ় করতে এই সম্মিলিত ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
আদি অধিবাসীদের প্রতি শ্রদ্ধা:
বক্তব্যের শুরুতে জামায়াত আমির মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানান এবং তাকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য এএনআইসির সভাপতি ও সদস্যদের ধন্যবাদ দেন। পাশাপাশি অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী আদি অধিবাসী এবং তাদের প্রবীণদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তিনি বলেন, বাংলাদেশের মানুষ একটি ভূখণ্ডকে ভালোবাসার মর্ম এবং এর স্মৃতি হৃদয়ে ধারণ করার গুরুত্ব জানে। তাই এই ভূমির আদি বাসিন্দাদের প্রতি বাংলাদেশের মানুষের গভীর সম্মান রয়েছে।
উপস্থিত ব্যক্তিবর্গ:
মতবিনিময় সভায় জামায়াত আমিরের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান।
