কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। শুক্রবার (২০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বিগত কয়েক দিনে যা দেখা গেছে তা কেবল ট্রেলার ছিল, তবে এবার বাড়াবাড়ি করলে পুরো সিনেমা দেখা যাবে।
ফেসবুক পোস্টে রবিউল ইসলাম নয়ন উল্লেখ করেন, ১৯ তারিখ ‘লক ডাউন’ নামে কোনো কর্মসূচি থাকবে না এবং সবকিছু স্বাভাবিক নিয়মে চলবে বলে তিনি আগেই জানিয়েছিলেন। আওয়ামী লীগের আস্ফালন দমন করার কথা উল্লেখ করে তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, এবার বাড়াবাড়ি করলে তাঁদের জন্য অত্যন্ত কঠোর পরিস্থিতি অপেক্ষা করছে।
বিগত সরকারের আমলে নিজের ওপর হওয়া নির্যাতনের বিবরণ দিয়ে যুবদলের এই নেতা দাবি করেন, তৎকালীন সরকার তাঁকে গ্রেপ্তার করে রিমান্ডে বৈদ্যুতিক শক দেওয়াসহ নিষ্ঠুরভাবে নির্যাতন করেছিল। এমনকি পায়ে গুলি করা অবস্থায় তাঁকে টেনেহিঁচড়ে আদালতে তোলা হয়েছিল এবং একাধিকবার গুলি করে রাস্তায় ও হাসপাতালে ফেলে রাখা হয়েছিল বলে তিনি পোস্টে উল্লেখ করেন। তাঁকে না পেয়ে তাঁর বৃদ্ধ বাবাকেও গ্রেপ্তার করে নির্যাতন করা হয়েছিল এবং তিনি সেসব ঘটনা ভুলে যাননি বলে জানান।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের পরবর্তী প্রেক্ষাপট তুলে ধরে নয়ন লেখেন, একটি বৈষম্যহীন ও শান্তিপ্রিয় রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে এবং মনে কোনো প্রতিশোধস্পৃহা না থাকায় তিনি অতীতের নির্যাতনের ঘটনায় কারও বিরুদ্ধে মামলা বা কোনো ব্যবস্থা নেননি। তিনি প্রতিশোধে নয়, বরং পরিবর্তনে বিশ্বাসী বলে পোস্টে উল্লেখ করেন।
তবে সেই মানবিকতা ও সরকারের নমনীয়তাকে দুর্বলতা ভাবা হচ্ছে অভিযোগ করে রবিউল ইসলাম নয়ন লেখেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপিসহ জুলাই যোদ্ধাদের হুমকি দিচ্ছেন, তাঁদের ও তাঁদের পরিবারের নামে মিথ্যাচার করছেন এবং দেশজুড়ে সহিংসতা ও নাশকতা চালাচ্ছেন।
পোস্টের শেষাংশে তিনি আবারও হুঁশিয়ারি দিয়ে বলেন, এতদিন ছাড় দেওয়া হয়েছে বলে সব সময় ছাড় দেওয়া হবে না। অন্তরে চাপা দিয়ে রাখা ক্ষোভের বিস্ফোরণ ঘটলে তা কারও জন্যই সুখকর হবে না বলে তিনি স্পষ্ট বার্তা দেন।







