ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন সাদিক কায়েম। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
রোববার (২২ নভেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। সাদিক কায়েম নিজের ফেসবুক পোস্টে জানান, ঘটনার সময় বাড়িতে তার বাবা-মা অবস্থান করছিলেন। হামলাকারীরা বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপের পাশাপাশি দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন ধরানোর চেষ্টা করে। তবে ঘরের ভেতরে আগুন ছড়িয়ে পড়ার আগেই স্থানীয় বাসিন্দারা তা নিভিয়ে ফেলেন।
এদিকে, রোববার এক বিবৃতিতে ঘটনার নিন্দা জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ করেছে। এতে বাড়ির আসবাবপত্র ও মূল্যবান সামগ্রীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
বিবৃতিতে তিনি এ ঘটনাকে বর্বরতা, নাশকতা ও নৈরাজ্য আখ্যা দিয়ে বলেন, অতীতেও আওয়ামী লীগ হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ ও সহিংসতার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিণতি কখনো শুভ হবে না বলেও সতর্ক করেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে বলেন, জাতীয় নেতা, ছাত্রনেতা ও ডাকসু নেতাদের বাসাবাড়ি ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থতা ও উদাসীনতার পরিচয় দিয়েছে। সরকারের এ নিষ্ক্রিয়তার তীব্র নিন্দা জানান তিনি।
তিনি আরও বলেন, আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাদের লক্ষ্য করে হামলা ও নাশকতার চেষ্টা বন্ধে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি তাদের ব্যক্তিগত নিরাপত্তা ও বাসাবাড়ির সুরক্ষা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বিবৃতির শেষাংশে সাদিক কায়েমের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের চেষ্টায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান জামায়াতের এই নেতা।
