বৈষম্যহীন, মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রবাসীসহ দেশের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা ছিল একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন এবং এই লক্ষ্য অর্জনে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে হবে। কোনো চাপ বা প্রলোভনে তাঁরা আদর্শ ও অঙ্গীকার থেকে সরে আসবেন না বলেও তিনি দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।
রোববার (২২ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ক্যাম্পবেলটাউনে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে ‘জুলাই অভ্যুত্থান ও তার পরবর্তী সময়: ভয়েসেস ফ্রম অস্ট্রেলিয়া’ শীর্ষক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত থেকে বিরোধীদলীয় নেতাকে ফুল দিয়ে বরণ করে নেন।
বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, দেশের উন্নয়নে প্রবাসীদের কেবল আর্থিক রেমিট্যান্স নয়, বরং তাঁদের মেধা, জ্ঞান, অভিজ্ঞতা ও গবেষণালব্ধ অর্জনও কাজে লাগানো প্রয়োজন। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা মেধাবী বাংলাদেশিরা যেন জন্মভূমিতে ফিরে এসে অবদান রাখতে পারেন, সেই পরিবেশ তৈরি করার অঙ্গীকার করেন তিনি। সুযোগ পেলে প্রবাসীদের সঙ্গে অতিথির মতো নয়, বরং ভাই, সন্তান ও পিতার মতো সম্মানজনক আচরণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।
জুলাই অভ্যুত্থানে প্রবাসী বাংলাদেশিদের সাহসী ভূমিকার কথা স্মরণ করে জামায়াত আমির বলেন, দেশের মূলধারার গণমাধ্যম যখন মানুষের কষ্টের চিত্র যথাযথভাবে তুলে ধরেনি, তখন প্রবাসীরাই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার মাধ্যমে নির্যাতন-নিপীড়নের খবর বিশ্ববাসীর কাছে পৌঁছে দিয়েছেন। বিভিন্ন দেশে সভা-সমাবেশ নিষিদ্ধ থাকা সত্ত্বেও অধিকার আদায়ের দাবিতে রাজপথে নামায় অনেক প্রবাসীকে গ্রেপ্তার হয়ে কারাবরণ করতে হয়েছে। এখনো ৫৪ জন প্রবাসী বিদেশের কারাগারে রয়েছেন উল্লেখ করে তিনি বিষয়টিকে অত্যন্ত কষ্টের ও লজ্জার বলে অভিহিত করেন।
প্রবাসীদের মর্যাদা ও অধিকারের প্রশ্নে সোচ্চার হয়ে তিনি বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হওয়া সত্ত্বেও দেশে ফিরলে বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার ও শারীরিক লাঞ্ছনার ঘটনা ঘটে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রেমিট্যান্স যোদ্ধাদের যথাযথ সম্মান নিশ্চিত করার পাশাপাশি আগামী স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানান তিনি। ভোটাধিকার থেকে বঞ্চিত করা হলে কঠোর প্রতিবাদ জানানো হবে বলেও তিনি সতর্ক করেন।
জুলাই অভ্যুত্থানের স্মৃতিচারণ করে ডা. শফিকুর রহমান বলেন, আন্দোলনের মূল স্লোগান ছিল ‘উই ওয়ান্ট জাস্টিস’ এবং এর কোনো একক মাস্টারমাইন্ড ছিল না। ১০ মাসের শিশুকে কোলে নিয়ে রাজপথে নামা মা, পানি বিতরণ করতে গিয়ে শহীদ হওয়া মুগ্ধ, বুক পেতে গুলি নেওয়া আবু সাঈদসহ অসংখ্য ছাত্র-জনতা এই অভ্যুত্থানের প্রকৃত নায়ক। শহীদরা কোনো নির্দিষ্ট দলের নন, বরং পুরো জাতির সম্পদ। আহত যোদ্ধারা হাত-পা বা চোখ হারিয়েও দেশের প্রয়োজনে আবারও লড়াই করার যে মনোবল দেখিয়েছেন, সেটিই তাঁদের প্রকৃত শক্তি বলে তিনি উল্লেখ করেন।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, গণভোটে জনগণ যে রায় দিয়েছেন, তা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে তাঁরা জাতীয় সংসদেও কথা বলেছেন। জনগণের রায় উপেক্ষা করে রাজনীতি চলতে পারে না উল্লেখ করে তিনি বলেন, জনগণের আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখিয়ে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে হবে।
আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে সামনে রাখার প্রত্যয় ব্যক্ত করে জামায়াত আমির বলেন, তাঁরা দেশকে তরুণদের হাতে তুলে দিতে চান। বাংলাদেশের নামক উড়োজাহাজের ককপিটে তরুণরা বসবেন এবং জ্যেষ্ঠরা যাত্রীর আসনে বসে তাঁদের সহযোগিতা করবেন। এবারের নির্বাচনে তাঁদের প্রার্থী তালিকার ৬২ শতাংশের বয়স ৪৫ বছরের নিচে ছিল জানিয়ে তিনি বলেন, তরুণদের নেতৃত্বে এবং নারী-পুরুষের সমান অংশগ্রহণেই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।
সরকার ও বিরোধী দলের সম্পর্ক প্রসঙ্গে তিনি জানান, জাতীয় স্বার্থে সরকারের ভালো কাজে তাঁরা সমর্থন দেবেন, তবে যেখানে ভুল হবে সেখানে জনগণের অধিকারের পক্ষে প্রতিবাদ করবেন। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের রায়কে সম্মান করে যোগ্য ও সৎ ব্যক্তিদের নিয়ে দেশ পরিচালনা করতে হবে এবং দুর্নীতির ঊর্ধ্বে থাকতে হবে। পাশাপাশি দেশের বর্তমান সন্ত্রাস, নৈরাজ্য, দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে বক্তব্য দেন পশ্চিম সিডনির ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মাসুদ খলিল। একাডেমিক ও গবেষক শিবলী সোহাইল, ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আবু ইউসুফ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসিফ ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি, এনডিএফের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান এবং বিরোধীদলীয় নেতার এপিএস মুহাম্মদ নজরুল ইসলাম।
