রাজধানীর খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ-২ এলাকায় ১২ বছর বয়সী এক শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় মো. ইমামুল হোসেন বাপ্পী (৩১) নামের একজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রের দাবি, অভিযুক্ত বাপ্পী খিলক্ষেত থানা ছাত্রদলের সহসভাপতি। এমন অমানবিক ও ন্যাক্কারজনক ঘটনা জানাজানি হওয়ার পর পুরো নিকুঞ্জ এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।
গত শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে খিলক্ষেত থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী শিশুটির পালক পিতা মো. ওয়াদুদ মিয়া প্রকাশ সাগর মিয়া (৩৮)।
এলাকাবাসী ও সচেতন মহল একজন অসহায় প্রতিবন্ধী শিশুর ওপর এমন বর্বরোচিত নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বাপ্পীকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির পালক পিতা সিএনজি চালান এবং তাঁর স্ত্রী নাজমা আক্তার নিকুঞ্জ-২-এর ১ নম্বর রোডে চা বিক্রি করেন। তাঁরা খিলক্ষেতের নিকুঞ্জ-২ এলাকার টানপাড়া জামতলায় খ/১২৪ নম্বর টিনশেড বাড়িতে ভাড়া থাকেন এবং অভিযুক্ত বাপ্পী সেই বাড়ির পাশের একটি ঘরে ভাড়া থাকতেন।
এজাহারের অভিযোগ অনুযায়ী, গত বুধবার (১৮ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে আটটার দিকে শিশুটির মা-বাবা কাজের প্রয়োজনে বাসার বাইরে ছিলেন। বাসায় কেউ না থাকার সুযোগে চকলেট ও টাকার প্রলোভন দেখিয়ে কথা বলতে অক্ষম শিশুটিকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন বাপ্পী।
কাজ শেষে মা-বাবা বাসায় ফিরে মেয়েকে অসুস্থ, রক্তাক্ত ও বিপর্যস্ত অবস্থায় দেখতে পান। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে শিশুটি তার ওপর চালানো নির্যাতনের বর্ণনা দেয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
মেয়ের এমন শোচনীয় অবস্থায় দিশাহারা মা-বাবা প্রথমে তাকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যান। তবে শারীরিক অবস্থার জটিলতা বিবেচনায় চিকিৎসক দ্রুত শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তির পরামর্শ দেন এবং তখন থেকেই সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় বাপ্পীর উচ্ছৃঙ্খলতা ও বেপরোয়া আচরণ ছিল মাত্রাতিরিক্ত। প্রায় রাতেই মদ্যপ অবস্থায় নিকুঞ্জের বিভিন্ন স্থানে তাকে দেখা যেত এবং তার দৌরাত্ম্যে সাধারণ মানুষ ছিল জিম্মি।
এলাকাবাসীর আরও দাবি, এর আগেও বাপ্পীর চাঁদাবাজি, হয়রানি ও নানা অপকর্মের বিষয়ে খিলক্ষেত থানা বিএনপির এক শীর্ষ নেতার কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি ভুক্তভোগীরা। বরং ওই শীর্ষ নেতার ছত্রছায়াতেই সে এলাকায় নির্বিঘ্নে এসব অপকর্ম চালিয়ে যেত বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সোহরাব আল হোসাইন জানান, বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় একটি নিয়মিত মামলা (মামলা নম্বর-১৫) রুজু করা হয়েছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
শনিবার (২১ নভেম্বর) মামলার নথিপত্র আদালতে পাঠানো হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন ওসি সোহরাব আল হোসাইন।
