Monday, November 23, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home বাংলাদেশ

ফ্যাসিবাদবিরোধী ঐক্য: জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির চ্যালেঞ্জ

November 23, 2026
A A
ফ্যাসিবাদবিরোধী ঐক্য: জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির চ্যালেঞ্জ

আরওপড়ুন

যেসব কারণে চ্যালেঞ্জের মুখে দেশের পোশাক রপ্তানি

কে এই সুইডেন আসলাম, পরিচয় কী তার?

বাংলাদেশের রাজনীতিতে নতুন করে ফ্যাসিবাদবিরোধী ঐক্যের আলোচনা শুরু হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে দূরত্ব কমে আসার ইঙ্গিত মিলছে। কিছুদিন আগেও দলগুলো পরস্পরের সমালোচনায় সরব থাকলেও এখন অভিন্ন রাজনৈতিক অবস্থান তৈরির উদ্যোগ দেখা যাচ্ছে। তবে এই ঐক্য কতটা আন্তরিক ও দীর্ঘস্থায়ী হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। এ ক্ষেত্রে সবচেয়ে বড় দায়িত্ব বিএনপি সরকারের।

আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ডের প্রশ্নে বিএনপির ভূমিকা নিয়ে সমালোচনা রয়েছে। দলটির কয়েকজন নেতা ও মন্ত্রীর বক্তব্যে আওয়ামী লীগের প্রতি নমনীয় মনোভাব প্রকাশ পেয়েছে। বরং জামায়াত ও এনসিপির সমালোচনায় তাদের বেশি সরব দেখা গেছে। বিশেষ করে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের টেলিভিশন টকশোতে অংশগ্রহণের সুযোগ দেওয়াকে উদ্বেগজনক হিসেবে দেখছেন অনেকে। এসব আলোচনায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা, জামায়াত-এনসিপির বিরোধিতা এবং জুলাই গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার প্রবণতা দেখা গেছে।

সাম্প্রতিক সহিংসতার ঘটনাগুলো বিএনপিকে রাজনৈতিক বাস্তবতা নতুন করে উপলব্ধি করতে বাধ্য করেছে। দীর্ঘদিন ক্ষমতায় থেকে বিরোধীদের দমন-পীড়নে জড়িত একটি রাজনৈতিক দলকে কেবল সমঝোতার মাধ্যমে স্বাভাবিক রাজনৈতিক ধারায় ফিরিয়ে আনা সম্ভব নয়। জুলাই গণঅভ্যুত্থানে প্রাণহানি ও হাজার হাজার মানুষের আহত হওয়ার ঘটনায় দায়বদ্ধতার প্রশ্ন এখনো অমীমাংসিত। অথচ আওয়ামী লীগের পক্ষ থেকে অনুশোচনা বা দায় স্বীকারের উল্লেখযোগ্য কোনো লক্ষণ দেখা যায়নি।

প্রধানমন্ত্রী তারেক রহমানও জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিচ্ছেন। সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় তিনি বলেছেন, দেশপ্রেমিক জনগণ, জনগণের কাছে দায়বদ্ধ গণতান্ত্রিক সরকার এবং সশস্ত্র বাহিনীর মধ্যে ‘সবার আগে বাংলাদেশ’ চেতনা জাগ্রত থাকলে বাংলাদেশকে কেউ পরাধীন বা তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না। বক্তব্যে তিনি ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ড এবং ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের প্রসঙ্গও তুলে ধরেন। এতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।

অন্যদিকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, প্রয়োজনে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে সরকার ও বিরোধী দল ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের উদ্যোগ নিতে পারে। তিনি আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী রাজনৈতিক দল’ হিসেবেও আখ্যায়িত করেছেন।

তিনি আরও বলেন, আগের সরকারের মতো গুম, হত্যা কিংবা গুলি চালিয়ে কাউকে নির্মূল করার নীতি বর্তমান সরকার অনুসরণ করতে চায় না। তবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন রয়েছে। গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা হবে কি না, সেটিও সরকার পর্যালোচনা করছে।

সরকারের এসব বক্তব্য গুরুত্বপূর্ণ। কারণ, আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে সরকারের বিভিন্ন পর্যায় থেকে আগে পরস্পরবিরোধী বক্তব্য এসেছে। এখন এ বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়া প্রয়োজন। রাজনৈতিক দল নিষিদ্ধ করার সিদ্ধান্ত আবেগের ভিত্তিতে নয়, বরং আইন, তথ্যপ্রমাণ ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে হওয়া উচিত। একই সঙ্গে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায় এড়িয়ে কোনো পক্ষের স্বাভাবিক রাজনৈতিক প্রত্যাবর্তনের সুযোগ থাকা উচিত নয়।

আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে হেফাজতে ইসলামও। সংগঠনটির আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমানের বক্তব্য, আওয়ামী ফ্যাসিবাদ নির্মূল করা না গেলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। তারা দলটির বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। পাশাপাশি আওয়ামী লীগ ও আধিপত্যবাদী শক্তির পক্ষে ভূমিকা রাখা গণমাধ্যমের কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তুলেছেন।

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য গঠনের বিষয়ে আলোচনা করেছেন। তবে তিনি এ ঐক্যের ভিত্তি হিসেবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকরের শর্ত তুলে ধরেছেন। তাঁর মতে, জুলাই সনদকে কেন্দ্র করেই ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছিল। সেই সনদ বাস্তবায়ন না করে নতুন করে ঐক্যের আহ্বান জানালে তা কতটা গ্রহণযোগ্য হবে, সেটিই এখন বড় প্রশ্ন।

প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বাবনকে ইতিবাচকভাবে দেখছে এনসিপিও। তবে দলটি শর্তহীন ঐক্যের পক্ষে নয়। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ঐক্যের ধারাবাহিকতা বজায় রাখা জরুরি। তাঁর মতে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আগে থেকেই একটি স্বাভাবিক রাজনৈতিক ঐক্য ছিল। এখন নতুন করে ঐক্যের কথা বলতে হচ্ছে, অর্থাৎ সেই ঐক্যে কোথাও ফাটল তৈরি হয়েছে। কেন এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তা খতিয়ে দেখা প্রয়োজন।

এনসিপির উত্থাপিত প্রশ্নগুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা দরকার। জুলাই গণহত্যার বিচার কতদূর এগিয়েছে? আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে স্বাভাবিক করার চেষ্টা কেন দেখা যাচ্ছে? রাষ্ট্র সংস্কার এবং গণভোটের রায় বাস্তবায়নে সরকারের অগ্রগতি কতটুকু? প্রস্তাবিত ঐক্য কি কেবল সাময়িক রাজনৈতিক প্রয়োজন, নাকি এর পেছনে দীর্ঘমেয়াদি কোনো পরিকল্পনা রয়েছে? এসব প্রশ্নের স্পষ্ট জবাব দেওয়া সরকারের দায়িত্ব।

এখানে একটি বিষয় পরিষ্কার হওয়া জরুরি—রাজনৈতিক সংলাপ আর অপরাধের দায়মুক্তি এক বিষয় নয়। কোনো রাজনৈতিক দলের সমর্থক বা ভোটার থাকলেই সংশ্লিষ্ট দলের নেতৃত্বের অপরাধের বিচার বন্ধ হয়ে যেতে পারে না। গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক অংশগ্রহণের অধিকার যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গণহত্যা, গুম, খুন ও মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করাও অপরিহার্য। বিচার নিশ্চিত না করে পুনর্মিলনের উদ্যোগ নিলে তা নতুন রাজনৈতিক সংকটের জন্ম দিতে পারে।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তৈরির পেছনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিলম্বের বিষয়টিও আলোচনায় আসছে। অনেকের ধারণা, সনদের প্রতিশ্রুত সংস্কার কার্যকর হলে রাজনৈতিক অস্থিরতা অনেকটাই এড়ানো সম্ভব হতো। কারণ, জুলাই গণঅভ্যুত্থান কেবল একটি সরকারের পতনের আন্দোলন ছিল না; এর মূল লক্ষ্য ছিল রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং কর্তৃত্ববাদী শাসনের অবসান। সেই আকাঙ্ক্ষার ভিত্তিতেই তৈরি হয়েছিল জুলাই জাতীয় সনদ। গণভোটের মাধ্যমেও জনগণ সংস্কারের পক্ষে মত দিয়েছে।

বিএনপি সরকারকে উপলব্ধি করতে হবে, কেবল বক্তব্য বা রাজনৈতিক ঘোষণা দিয়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন পারস্পরিক আস্থা, প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং আন্তরিক রাজনৈতিক সদিচ্ছা। আওয়ামী লীগের সহিংসতা ও নাশকতা মোকাবিলায় বিএনপি, জামায়াত ও এনসিপির মধ্যে ঐক্য প্রয়োজন। তবে সেই ঐক্য যেন সাময়িক রাজনৈতিক স্বার্থ হাসিলের কৌশলে পরিণত না হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান যদি সত্যিকার অর্থেই ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে তুলতে চান, তাহলে প্রথমেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিতে হবে। গণভোটের রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার নিশ্চিত এবং আওয়ামী লীগের অপরাধের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করতে হবে। পাশাপাশি প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ফ্যাসিবাদী প্রভাবমুক্ত করার উদ্যোগ নিতে হবে।

মনে রাখতে হবে, স্বৈরাচার ও ফ্যাসিবাদ এক নয়। স্বৈরাচারী শাসনের মূল লক্ষ্য ক্ষমতা কুক্ষিগত করে রাখা। অন্যদিকে ফ্যাসিবাদ এমন এক ধ্বংসাত্মক ও বিভাজনমূলক রাজনৈতিক আদর্শ, যা ভিন্নমতকে সহ্য করে না এবং রাষ্ট্র ও সমাজের প্রতিটি স্তরকে নিজের নিয়ন্ত্রণে নিতে চায়। তাই ফ্যাসিবাদবিরোধী লড়াই কেবল একটি রাজনৈতিক দলকে প্রতিহত করার বিষয় নয়; এটি দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ ও রাষ্ট্রীয় কাঠামো রক্ষার সংগ্রাম।

২০২৪ সালের জুলাইয়ে মানুষ জীবন দিয়েছিল বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে। সেই আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে নতুন কোনো ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা হলে জুলাইয়ের চেতনা আবারও হুমকির মুখে পড়বে। বিএনপির সামনে এখন একটি বড় রাজনৈতিক সুযোগ রয়েছে। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোকে সত্যিকার অর্থে ঐক্যবদ্ধ করতে হলে দলটিকে কথার পরিবর্তে কার্যকর পদক্ষেপের মাধ্যমে আন্তরিকতার প্রমাণ দিতে হবে।

Related Posts

যেসব কারণে চ্যালেঞ্জের মুখে দেশের পোশাক রপ্তানি
প্রধান সংবাদ

যেসব কারণে চ্যালেঞ্জের মুখে দেশের পোশাক রপ্তানি

November 23, 2026
কে এই সুইডেন আসলাম, পরিচয় কী তার?
বাংলাদেশ

কে এই সুইডেন আসলাম, পরিচয় কী তার?

November 23, 2026
সাদিক কায়েমের বাড়ি পরিদর্শনে বিএনপি-জামায়াতের ২ এমপি
জামায়াত

সাদিক কায়েমের বাড়ি পরিদর্শনে বিএনপি-জামায়াতের ২ এমপি

November 23, 2026

সপ্তাহের সেরা

  • প্রতিশোধ ও বদলার নেশায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা শেখ হাসিনার

    প্রতিশোধ ও বদলার নেশায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা শেখ হাসিনার

    0 shares
    Share 0 Tweet 0
  • ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ফ্যাসিবাদবিরোধী ঐক্য: জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির চ্যালেঞ্জ

ফ্যাসিবাদবিরোধী ঐক্য: জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির চ্যালেঞ্জ

November 23, 2026
যেসব কারণে চ্যালেঞ্জের মুখে দেশের পোশাক রপ্তানি

যেসব কারণে চ্যালেঞ্জের মুখে দেশের পোশাক রপ্তানি

November 23, 2026
কে এই সুইডেন আসলাম, পরিচয় কী তার?

কে এই সুইডেন আসলাম, পরিচয় কী তার?

November 23, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০