ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়া এবং পরে দল থেকে বহিষ্কৃত নেতাদের পুনরায় দলে ফেরানোর আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রত্যাবর্তনের তালিকায় ব্যারিস্টার রুমিন ফারহানার নামও আলোচনায় আসায় বিএনপিতে ফেরা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রুমিন ফারহানা জানান, বিএনপিতে ফেরার জন্য তিনি কখনো কোনো আবেদন করেননি। তাঁর বক্তব্যে দলটিতে ফিরে যাওয়ার বিষয়ে আগ্রহের ইঙ্গিতও পাওয়া যায়নি।
ফেসবুক পোস্টে রুমিন ফারহানা লেখেন, ‘অনেকেই অস্থির হয়ে জানতে চাচ্ছেন, আমি দলে ফিরব কিনা? তাদের জন্য খুবই বিনীতভাবে বলি, আমি বিএনপিতে ফেরার জন্য কখনোই কোনো আবেদন করিনি।’
তিনি আরও বলেন, ‘আমার কোনো কথা বা আচরণে আবার বিএনপিতে ফিরব এমন মনে করার কোনো কারণ আছে বলেও মনে করি না। আল্লাহ আমাকে এখন যে অবস্থায় রেখেছেন তার জন্য আমার শুকরিয়ার শেষ নেই।’
যেভাবে বহিষ্কার হয়েছিলেন রুমিন ফারহানা
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে দলটির ৮০ থেকে ৮৫ জন নেতা ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় তাঁদের বহিষ্কার করা হয়। তাঁদের মধ্যে সাতজন সংসদ সদস্য নির্বাচিত হন। এই সাতজনের একজন ব্যারিস্টার রুমিন ফারহানা।
বহিষ্কারের আগে রুমিন ফারহানা বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
এদিকে বিদ্রোহী প্রার্থীদের নির্বাচনে সমর্থন দেওয়ার অভিযোগে তৃণমূল পর্যায়ের আরও পাঁচ শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করে বিএনপি। পরে তাঁদের অধিকাংশই দলে পুনরায় অন্তর্ভুক্তির জন্য আবেদন করেন।
সম্প্রতি বহিষ্কৃত বিজয়ী নেতাদের দলে ফিরিয়ে নেওয়ার বিষয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তবে রুমিন ফারহানার বক্তব্যে স্পষ্ট হয়েছে, বিএনপিতে ফেরার জন্য তিনি এখন পর্যন্ত কোনো আবেদন করেননি।







