দুই বছরের বেশি সময় ধরে ভারতে নির্বাসিত জীবন কাটানোর পর আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ লক্ষ্যে ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ পাঠানোর ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন শেখ হাসিনার মুখপাত্র।
দেশে ফেরার বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করার ঘটনা এটিই প্রথম। বাংলাদেশের মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন শেখ হাসিনা। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে বাংলাদেশ চূড়ান্ত বিজয় অর্জন করে।
শেখ হাসিনার এই ঘোষণাকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তার নেতৃত্বাধীন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে। এদিকে চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্ট ও প্রয়োজনীয় অন্যান্য নথিপত্র চাওয়ার পর দেশে সহিংসতার ঘটনাও বেড়েছে।
শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে জানান, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি বিমানে করেই শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এবারও একইভাবে দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য সরকারের কাছে বিমান পরিবহনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তিনি।
বিবৃতিতে বলা হয়, সংবিধানবহির্ভূত পরিস্থিতিতে শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। সে কারণে বিজয় দিবস ১৬ ডিসেম্বর তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব বলে মনে করেন তিনি।
এ বিষয়ে বাংলাদেশ সরকারের কোনো মুখপাত্র তাৎক্ষণিকভাবে মন্তব্য করেননি।
তবে গত রোববার রয়টার্সকে বাংলাদেশের একজন মন্ত্রী জানিয়েছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। পাশাপাশি তাকে দেশে ফিরিয়ে আনতে বিমান পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সরকারের কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানান ওই মন্ত্রী।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা হারানোর পর ভারতে চলে যান শেখ হাসিনা। ওই আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বর মাসে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেন।
তবে নির্বাসিত অবস্থায় থাকা শেখ হাসিনা তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ২০২৪ সালের আন্দোলন ও সংশ্লিষ্ট সহিংসতায় সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছিলেন। ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান পরিচালনার অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে বিচারিক কার্যক্রম পরিচালিত হয়।
