চলমান নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য কে এস এম মোস্তাফিজুর রহমানকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিমের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে রাজধানীর শাহবাগে ঢাকা ক্লাবের সামনে থেকে ডিবির রমনা বিভাগের একটি দল তাঁকে আটক করে।
ডিবি রমনা বিভাগের উপকমিশনার মির্জা তারেক আহমেদ বেগ প্রথম আলোকে জানান, মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে দায়ের করা মামলাসহ একাধিক মামলা রয়েছে। বর্তমানে এসব মামলা যাচাই-বাছাই করা হচ্ছে।
ডিবি সূত্রে জানা গেছে, মোস্তাফিজুর রহমান বগুড়ার সোনাতলা উপজেলার বাসিন্দা। তিনি ন্যাশনাল অ্যাগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার পাশাপাশি দলটির চলমান নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এ ছাড়া তিনি দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিমের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
ডিবির তথ্য অনুযায়ী, জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত বিভিন্ন ঘটনায় তাঁর বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এ ছাড়া ন্যাশনাল অ্যাগ্রিকেয়ার গ্রুপের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। বিদেশে ঘোষণাবহির্ভূত সম্পদ অর্জন, অর্থ স্থানান্তর এবং চীন থেকে অবৈধভাবে পাঠানো অর্থ গ্রহণের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
