শ্যামপুর সাব-রেজিস্ট্রি অফিস পরিদর্শন করেছেন ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের দুই সংসদ সদস্য। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে পরিদর্শনকালে তাঁরা সেবাগ্রহীতাদের সঙ্গে আলাদাভাবে কথা বলেন এবং তাঁদের সমস্যার কথা শোনেন। পরে সাব-রেজিস্ট্রারসহ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন দুই সংসদ সদস্য।
মতবিনিময়কালে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন বলেন, শ্যামপুর সাব-রেজিস্ট্রি অফিসে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম চলবে না। তিনি কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করে জানান, কোনো সেবাগ্রহীতা হয়রানির শিকার হলে কিংবা যথাযথ সেবা না পেলে জনস্বার্থে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং জনগণের সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।
কোন সেবার বিপরীতে কত টাকা সরকারি ফি জমা দিতে হবে, সেই তালিকা বা চার্ট সাব-রেজিস্ট্রি অফিসে প্রকাশ্যে টানিয়ে দেওয়ার নির্দেশ দেন মোহাম্মদ কামাল হোসেন। তিনি স্পষ্টভাবে বলেন, সরকার নির্ধারিত ফির অতিরিক্ত এক পয়সাও আদায় করা যাবে না এবং সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীদের অফিসে উপস্থিত থেকে নিজ নিজ দায়িত্ব পালন নিশ্চিত করতে তিনি সাব-রেজিস্ট্রারকে নির্দেশ প্রদান করেন।
অন্যদিকে, ঢাকা-৪ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন বলেন, নাগরিকদের সেবা প্রদান করতে হবে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও আন্তরিকতা বজায় রেখে। তিনি উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের সততা ও ন্যায়নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি কার্যালয়ে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান।
পরিদর্শন ও মতবিনিময়কালে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের মজলিসে শুরা সদস্য মোহাম্মদ শাহজাহান খান, আতিকুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট মুজিবুল হক জামিল, ৫৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিনিয়ার জসীম উদ্দীন, ৬৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল আলিম এবং ৬০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মাওলানা আশরাফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
