নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুনের ঘটনায় র্যাবের সাবেক কর্মকর্তা জিয়াউল আহসানের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
তিনি বলেন, মামলার প্রধান আসামি হিসেবে পরিচিত তারেক সাঈদ মোহাম্মদের ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জিয়াউল আহসানের নির্দেশনা ও ভূমিকার বিষয়টি উঠে এসেছে। ওই জবানবন্দি অনুযায়ী, জিয়াউল আহসানের নির্দেশ ও অনুমতি ছাড়া র্যাবের কোনো অভিযান পরিচালিত হতো না।
বুধবার (২৫ নভেম্বর) নারায়ণগঞ্জের সাত খুন মামলার আপিল শুনানি শেষে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অ্যাটর্নি জেনারেল।
সংবাদ সম্মেলনে মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, নারায়ণগঞ্জের সাত খুন দেশের ইতিহাসে অত্যন্ত নৃশংস অপরাধগুলোর একটি। এই হত্যাকাণ্ডের ঘটনা পুরো সমাজকে নাড়া দিয়েছিল। মামলার নথিপত্র ও আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকাণ্ডের যে ভয়াবহ বিবরণ উঠে এসেছে, তা অত্যন্ত মর্মান্তিক।
তিনি ঘটনার বিবরণ দিয়ে বলেন, প্রথমে পাঁচজনকে অপহরণ করা হয়। পরে আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়িচালক অপহরণের ঘটনা দেখে ফেলায় তাঁদেরও তুলে নেওয়া হয়। এরপর সাতজনকে অচেতন করে হত্যা করা হয়। লাশ যাতে পানিতে ভেসে না ওঠে, সে জন্য প্রত্যেকের পেটে ইট ও সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়। আসামিদের জবানবন্দিতে দেওয়া এসব তথ্যের সঙ্গে মামলার অন্যান্য সাক্ষ্যপ্রমাণেরও সামঞ্জস্য রয়েছে।
অ্যাটর্নি জেনারেল জানান, সাত খুন মামলার আপিল শুনানিতে রাষ্ট্রপক্ষের হয়ে তিনি এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক আদালতে যুক্তি উপস্থাপন করেছেন। এ সময় হাইকোর্টের রায়ের বিভিন্ন পর্যবেক্ষণ ও আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির গুরুত্বপূর্ণ অংশ আদালতের সামনে তুলে ধরা হয়। বুধবার দিনভর রাষ্ট্রপক্ষ তাদের যুক্তি উপস্থাপন করেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মামলাটির শুনানি অব্যাহত থাকার কথা রয়েছে।
জিয়াউল আহসানকে এ মামলায় আসামি না করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রচলিত আইনে সাত খুন মামলার বিচার সম্পন্ন হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া সম্পূর্ণ ভিন্ন। এ মামলায় জিয়াউল আহসানকে আসামি করা হয়নি, এটি একটি পৃথক বিষয়। তবে মামলার সাক্ষ্য ও আসামিদের জবানবন্দিতে তাঁর নাম এবং দায়িত্বের প্রসঙ্গ উঠে এসেছে। ফলে এ কারণে ইতোমধ্যে সম্পন্ন হওয়া বিচারিক প্রক্রিয়াকে ত্রুটিপূর্ণ বলার সুযোগ নেই।
মামলার রায় সম্পর্কে অ্যাটর্নি জেনারেল বলেন, হাইকোর্ট বিভাগ এ মামলায় ১৫ জন আসামিকে মৃত্যুদণ্ড এবং ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এ ছাড়া আরও নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষ আপিল শুনানিতে হাইকোর্টের দেওয়া এই রায় বহাল রাখার পক্ষে যুক্তি তুলে ধরেছে।
তিনি আরও জানান, দ্রুত বিচার পাওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক ও আইনগত অধিকার। আলোচিত ও গুরুতর অপরাধের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে অ্যাটর্নি জেনারেল কার্যালয় বিশেষ উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে নভেম্বর ও ডিসেম্বরের প্রথম সপ্তাহে আপিল বিভাগে অগ্রাধিকার ভিত্তিতে চারটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
মামলাগুলো হলো—নারায়ণগঞ্জের সাত খুন, বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা, মেজর সিনহা হত্যা এবং বিশ্বজিৎ দাস হত্যা মামলা।
