গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দলীয় কার্যক্রম ও সাংগঠনিক পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিএনপির আরও ছয় নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তাঁরা দলের প্রাথমিক সদস্যপদসহ পাটগাতী ইউনিয়ন বিএনপির বিভিন্ন পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা নতুন বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগকারী ছয় নেতা হলেন—পাটগাতী ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক বাচ্চু শেখ, দপ্তর সম্পাদক সজীব ফকির, ধর্মবিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সহ-কৃষিবিষয়ক সম্পাদক শাহানুর শেখ এবং ইউনিয়ন বিএনপির সদস্য মো. আফজাল শেখ ও মোহাম্মদ জামাল মোল্লা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তাঁরা জানান, দীর্ঘদিন ধরে পাটগাতী ইউনিয়ন বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছেন। তবে সম্প্রতি টুঙ্গিপাড়ায় দলের কার্যক্রম ও সাংগঠনিক পরিবেশ নিয়ে তাঁরা অসন্তুষ্ট। এ কারণে দলের প্রাথমিক সদস্যপদসহ ইউনিয়ন বিএনপির সব পদ-পদবি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
লিখিত বক্তব্যে তাঁরা আরও জানান, ভবিষ্যতে বিএনপির কোনো অঙ্গ বা সহযোগী সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গেও নিজেদের সম্পৃক্ত রাখবেন না।
এ বিষয়ে জানতে পাটগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি নান্টু শেখের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। একইভাবে সাড়া পাওয়া যায়নি টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলুর কাছ থেকেও।
উল্লেখ্য, গত ১৫ নভেম্বর লগি-বইঠা, রামদা, চায়নিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। ওই দিন পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) পুড়িয়ে দেওয়া হয় এবং একটি পুলিশ বক্সে ভাঙচুর চালানো হয়। এসব ঘটনার ধারাবাহিকতায় ১৭ নভেম্বর টুঙ্গিপাড়া থানা এবং ১৯ নভেম্বর মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়া হয়। এরপর থেকে থানা দুটির কার্যক্রম বন্ধ রয়েছে। এ ছাড়া বিএনপির স্থানীয় তিন সংসদ সদস্যের বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়।
এসব ঘটনার পর বিএনপি ও প্রশাসনের ভূমিকা নিয়ে নানা আলোচনা তৈরি হয়েছে। এরই মধ্যে ১৭ থেকে ২১ নভেম্বর পর্যন্ত টুঙ্গিপাড়ায় বিভিন্ন সময়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৩ জন নেতা-কর্মী সংবাদ সম্মেলন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন।
নতুন করে আরও ছয় নেতার পদত্যাগের ফলে টুঙ্গিপাড়ায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের পদত্যাগকারী নেতা-কর্মীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে।
এ বিষয়ে গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্যসচিব কাজী আবুল খায়ের বলেন, বুধবার পাটগাতী ইউনিয়ন বিএনপির ছয় নেতার পদত্যাগের বিষয়টি তাঁর জানা নেই। তবে এর আগে কয়েকজনের পদত্যাগের কথা লোকমুখে শুনেছেন।
