কুষ্টিয়ায় বিএনপি ও যুবদলের নেতাদের নেতৃত্বে জামায়াতে ইসলামী সমর্থিত পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী শাজাহান আলীর বাড়িতে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই অতর্কিত হামলায় স্থানীয় জামায়াতের ৮ জন কর্মী গুরুতর আহত হয়েছেন, যাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শহর বিএনপির নেতা এ কে বিশ্বাস বাবু এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদকসহ জেলা পর্যায়ের কয়েকজন নেতার নেতৃত্বে প্রায় দেড় থেকে দুই শতাধিক লোকের একটি দল জামায়াত সমর্থিত ওই কাউন্সিলর প্রার্থীর বাড়িতে হামলা চালায়।
হামলাকারীরা কাউন্সিলর পদপ্রার্থী শাজাহান আলীর বসতবাড়ি, তাঁর ব্যক্তিগত কার্যালয় এবং বাড়ির সামনের দোকানপাটে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে হামলাকারীরা কয়েক রাউন্ড গুলিবর্ষণও করে।
আকস্মিক এই হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা স্থানীয় জামায়াতের কর্মীরা আক্রমণের শিকার হন। এতে জামায়াতের অন্তত ৮ জন কর্মী গুরুতরভাবে আহত হন।
ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং চিকিৎসকদের মতে আহতদের মধ্যে একজনের শারীরিক অবস্থা বেশ আশঙ্কাজনক।
