গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় আত্মগোপনে থাকা এক নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আশ্রয়দাতা প্রবাসী স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা ওই ছাত্রলীগ নেতাকে হাতেনাতে আটক করে গণপিটুনি দিয়ে ছেড়ে দিয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আল আমিন রেজোয়ান একটি নাশকতা মামলার পলাতক আসামি। গ্রেপ্তার এড়াতে তিনি গত এক বছরের বেশি সময় ধরে পাশের উপজেলা কাশিয়ানীর ঘৃতকান্দি গ্রামে প্রবাসী স্বেচ্ছাসেবক লীগ নেতা রুবেল আকনের বাড়িতে আত্মগোপন করে ছিলেন।
প্রতিবেশী উপজেলা হওয়ায় আল আমিন এবং প্রবাসী রুবেল আকনের মধ্যে আগে থেকেই সুসম্পর্ক ছিল। সেই সূত্র ধরেই রুবেল আকন তাঁকে ছোট ভাইয়ের মতো স্নেহ করতেন এবং নিজের বাড়িতে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছিলেন।
তবে দীর্ঘদিন ওই বাড়িতে অবস্থানের একপর্যায়ে আশ্রয়দাতা রুবেল আকনের স্ত্রীর সঙ্গে আল আমিন রেজোয়ানের অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে স্থানীয় বাসিন্দারা ওই বাড়িতে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান।
ঘটনার পরপরই এলাকার বিক্ষুব্ধ লোকজন ছাত্রলীগ নেতা আল আমিন রেজোয়ানকে আটক করে বেঁধে রাখেন। পরে তাঁকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও স্থানীয় থানার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকায় তা সম্ভব হয়নি। একপর্যায়ে উপস্থিত জনতা তাঁকে গণপিটুনি দিয়ে এলাকা থেকে ছেড়ে দেয়।
