ইসলামাবাদের পার্লামেন্ট হাউসে পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক স্পিকার ও দাদা এ কে এম ফজলুল কাদের চৌধুরীর প্রতিকৃতির নিচে দাঁড়িয়ে আবেগাপ্লুত হয়েছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।
বুধবার (২৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রতিকৃতির সামনে দাঁড়ানো একটি ছবি শেয়ার করেন তিনি। সেখানে হুমাম কাদের উল্লেখ করেন যে, কয়েক প্রজন্ম পর বাংলাদেশের একজন সংসদ সদস্য হিসেবে ঐতিহাসিক এই ভবনে দাঁড়ানো তাঁর জন্য গভীর গর্বের বিষয় এবং এটি পরিবারের তিন প্রজন্মের রাজনৈতিক যাত্রার স্মারক।
ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, ইতিহাস যখন একান্ত ব্যক্তিগত হয়ে ওঠে, তখন তা শুধু অতীতের সঙ্গেই যুক্ত করে না, বরং ভবিষ্যতের দায়িত্ববোধের কথাও মনে করিয়ে দেয়। ছবিটিকে কেবল একটি মুহূর্তের স্মৃতি না বলে প্রজন্ম থেকে প্রজন্মের আত্মিক সংযোগ, পারিবারিক রাজনৈতিক উত্তরাধিকার এবং জনসেবার অঙ্গীকারের প্রতীক হিসেবে তুলে ধরেন তিনি।
উল্লেখ্য, বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) নেতৃত্বে একটি সংসদীয় প্রতিনিধিদল বর্তমানে পাকিস্তান সফর করছে। সফরের অংশ হিসেবে বুধবার প্রতিনিধিদলটি ইসলামাবাদের পার্লামেন্ট হাউস পরিদর্শন করে এবং জাতীয় পরিষদের হলরুম ঘুরে দেখে। এ সময় পাকিস্তানের স্পিকার সরদার আয়াজ সাদিক প্রতিনিধিদলকে ভবনটির ঐতিহাসিক গুরুত্ব ও আইন প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে জানান।
