রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে যুবলীগ নেতা ও মোহনা টেলিভিশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তসলিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মিরপুরের ১০ ও ১১ নম্বর এলাকায় গার্মেন্টস শ্রমিকদের অর্থের বিনিময়ে সংগঠিত করে সহিংসতা, হামলা ও ভাঙচুরের পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বুধবার (গতকাল) রাতে পল্লবী থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করে। অভিযানের পর তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন তসলিম চৌধুরীর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের দাবি, মিরপুরের ১০ ও ১১ নম্বর এলাকায় পোশাকশ্রমিকদের অর্থের বিনিময়ে সংগঠিত করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনার সঙ্গে তসলিম চৌধুরীর সম্পৃক্ততা রয়েছে। শ্রমিকদের ব্যবহার করে বিভিন্ন স্থানে সহিংসতা, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটানোর পরিকল্পনা করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।
এ ছাড়া এ কর্মকাণ্ডে তসলিম চৌধুরীর শ্যালকের কোনো ধরনের সম্পৃক্ততা রয়েছে কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
তবে এ ঘটনায় তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ, পরিকল্পনার ধরন এবং অন্য কারা জড়িত রয়েছেন, সে বিষয়ে তদন্তের মাধ্যমে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারের পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কেও পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।
