নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ও জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে গত সাত মাস ধরে অসুস্থ অবস্থায় লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫’ উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান নিসচার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইলিয়াস কাঞ্চনের ছেলে মিরাজুল মইন জয়। কানাডা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বাবার অসুস্থতার বিষয়টি জানান এবং দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চান।
জয় জানান, বছরের শুরু থেকেই ইলিয়াস কাঞ্চনের শরীরে নানা জটিলতা দেখা দিতে থাকে—কথা বলায় সমস্যা হচ্ছিল, স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাচ্ছিল। ৯ এপ্রিল তাকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে নেওয়া হলে পরীক্ষার মাধ্যমে ব্রেন টিউমার ধরা পড়ে। এরপর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসের মেডিকেল বোর্ড অপারেশনকে ঝুঁকিপূর্ণ বিবেচনা করে। পরিবারের সিদ্ধান্তে ২৬ এপ্রিল তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হয়।
লন্ডনের হারলি স্ট্রিট ক্লিনিকে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর, গত ৫ আগস্ট উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার ব্রেনে অস্ত্রোপচার করা হয়। তবে টিউমারটি গভীরে হওয়ায় পুরোপুরি অপসারণ সম্ভব হয়নি। আংশিক অপারেশনের পর চিকিৎসকরা অবশিষ্ট অংশকে রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছেন।
জয় আরও জানান, আগামী ছয় সপ্তাহ ধরে সপ্তাহে পাঁচ দিন করে মোট ৩০টি রেডিয়েশন ও কেমোথেরাপি সেশন চলবে। এরপর চার সপ্তাহ তাকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে। সবকিছু ঠিকঠাক থাকলে চিকিৎসকদের অনুমতি সাপেক্ষে তিনি দেশে ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে জয় বলেন, “আমার বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ। চিকিৎসা জটিল ও ব্যয়বহুল হলেও আমরা তার সুস্থতার আশায় আছি। দেশবাসীর কাছে তার জন্য দোয়া প্রার্থনা করছি।”
