ঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সাগর উত্তাল রয়েছে এবং উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বইছে।
বৃহস্পতিবার (সকাল ৬টা) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া ৩ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন অঞ্চলে অবস্থানরত নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে এখন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে।
আজ সকাল ৬টায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৭৫ কিমি, কক্সবাজার থেকে ৮৩০ কিমি, মোংলা থেকে ৭৩৫ কিমি এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৪০ কিমি দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
গভীর নিম্নচাপটি আরও উত্তর বা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর ফলে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় বায়ুচাপের পার্থক্য বৃদ্ধি পেয়েছে এবং দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিমি, যা দমকা হাওয়ার আকারে ৬০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় গভীর নিম্নচাপ কেন্দ্রঘেঁষা এলাকায় সাগর অতি উত্তাল রয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এ ছাড়া, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, যাতে প্রয়োজন হলে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়া সম্ভব হয়।
