ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক জনসভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, “সেইফ এক্সিটের কথা কী আর বলব ভাই। প্রত্যেক উপদেষ্টা তো বিদেশি নাগরিক। তারা দেশে গণ্ডগোল লাগলে বিদেশেও চলে যেতে পারবে। পারবেন না আপনি, পারব না আমি।”
শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার তালশহর এএআই উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রুমিন ফারহানা বলেন, “আমাদের কোনো দেশে ভিসা লাগানো নেই। সরকারকে অনুরোধ করি— এমন কোনো কাজ করবেন না, এমন কোনো অপকর্মে জড়াবেন না, এমন কোনো দুর্নীতি করবেন না, এমন কোনো ওয়াদা করবেন না যেটার কারণে আপনার সেইফ এক্সিটের প্রয়োজন হতে পারে। কাজ করবেন স্বচ্ছতা, সততা ও দেশপ্রেম বজায় রেখে, যাতে সেইফ এক্সিটের কথা চিন্তা করতে না হয়।”
তিনি আরও বলেন, “ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে— এটা ধরেই আমরা এগুচ্ছি। এর মধ্যে যদি কেউ নির্বাচন বানচালের চেষ্টা করে, বা মনে করে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তার পক্ষে ভালো ফল করা সম্ভব নয়— তাদের হুঁশিয়ারি দিচ্ছি, ফেব্রুয়ারির মধ্যেই বাংলাদেশে নির্বাচন হতে হবে।”
নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “অনেকে মনে করছেন আওয়ামী লীগ নেই, তাই নির্বাচন সহজ হবে। কিন্তু এত সহজ হবে না। এখন থেকেই মাঠে প্রস্তুতি নিতে হবে।”
সভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসিকে দেওয়া একটি সাক্ষাৎকার প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।
