দশ হাজারেরও বেশি ফিলিস্তিনি উত্তর গাজার নিজ ভূমিতে ফেরার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন।
শুক্রবার সকালে হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই বাস্তুচ্যুত এসব মানুষ ঘরে ফেরার পথ ধরেন।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তির আওতায় তারা সম্মত অবস্থানগুলো থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে।
এর আগে শুক্রবার সকালে গাজা যুদ্ধ বন্ধ ও জিম্মি বিনিময় সংক্রান্ত চুক্তি অনুমোদন করে ইসরাইল সরকার। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা যুদ্ধবিরতির পক্ষে ভোট দেয়। চুক্তিতে ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিনিময়ে ইসরাইলে আটক জিম্মিদের ফেরত আনা এবং যুদ্ধ বন্ধের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
এরও আগে, বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে, তার প্রস্তাবিত ‘২০ শান্তি পরিকল্পনা’র প্রথম ধাপে হামাস ও ইসরাইল সমঝোতায় পৌঁছেছে। যুদ্ধবিরতির এই খবরে গাজাজুড়ে স্বস্তি ফিরে এসেছে, আর ইসরাইলে জিম্মিদের পরিবারে আনন্দের জোয়ার বইছে।







