যশোরের ঝিকরগাছায় দেশীয় অস্ত্র, ওয়াকিটকি, ধারালো অস্ত্র, খেলনা পিস্তল ও পাঁচটি মোটরসাইকেলসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার কাউরিয়া গ্রামের আওলিয়াপাড়ায় সোহাগ নামের এক ব্যক্তির হাঁসের খামারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ গাজীর নেতৃত্বে এবং ডিবি পুলিশের এসআই আবু হাসানসহ একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে ইউনুস আলী (৩০), মাহবুব (৩৫), শিমুল হোসেন (৩৮) ও হাসিব হোসেন (২৫) নামে চারজনকে আটক করা হয়। তবে মূল অভিযুক্ত সোহাগসহ কয়েকজন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
অভিযানে দেশীয় অস্ত্র, খেলনা পিস্তল, ওয়াকিটকি, রিফ্লেক্টিভ জ্যাকেট, রামদা, চাইনিজ কুড়াল, হাসুয়া, হাত করাত, বিদেশি মদ, ওয়্যারলেস সেট, স্বর্ণ মাপার মিটার, হাতুড়ি, ছুরি, চাকু, সিসি ক্যামেরা, মুখোশ ও টর্চলাইট উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য এবং চাঁদাবাজি, অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত থাকতে পারে। ঘটনার সঙ্গে অন্যরা জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
