সীমান্তে তীব্র সংঘর্ষের মধ্যে আফগানিস্তানের দুই শতাধিকের বেশি তালেবান যোদ্ধা ও অন্যান্য সশস্ত্র সদস্যকে হত্যার দাবি জানিয়েছে পাকিস্তান। পাক সেনাবাহিনীর দাবি, সংঘর্ষে তালেবানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বহু যোদ্ধা আহত হয়েছে।
রোববার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
পাকিস্তান সেনাবাহিনী জানায়, সীমান্ত জুড়ে তালেবানের পোস্ট, ক্যাম্প, সদর দপ্তর ও সন্ত্রাসীদের সহায়ক নেটওয়ার্কের ওপর ব্যাপক হামলা চালানো হয়েছে। এসব অভিযানে তাদের অবকাঠামোগত ক্ষতিও গুরুতর হয়েছে।
অন্যদিকে পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, আফগানিস্তানের সঙ্গে প্রধান দুটি সীমান্তপথ—তোরখাম ও চামান—সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া খারলাচি, আঙ্গুর আড্ডা ও গুলাম খান সীমান্তপথও বন্ধ ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) নেতাদের আশ্রয়, প্রশ্রয় ও সহায়তা দেওয়ার অভিযোগে গত বৃহস্পতিবার গভীর রাতে আফগান রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান।
এর জবাবে শনিবার রাতে আফগান সেনারা সীমান্তবর্তী পাকিস্তানের আঙ্গুর আড্ডা, বাজাউর, কুররম, দির, চিত্রাল ও বারামচাসহ বিভিন্ন এলাকায় পাল্টা হামলা চালায়।







