সুদান ও পাকিস্তান ২৩ কোটি ডলারের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় ইসলামাবাদ খার্তুমকে বিমান, ড্রোন এবং সাঁজোয়া যান সরবরাহ করবে বলে জানা গেছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দুই দেশের এই চুক্তি সামরিক সহযোগিতা জোরদারের একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। চুক্তিটি স্বাক্ষরিত হয় সোমবার ইসলামাবাদে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে।
পাকিস্তানের প্রতিরক্ষা উৎপাদন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এই চুক্তির মাধ্যমে দুই দেশের প্রতিরক্ষা শিল্পে পারস্পরিক সহযোগিতা, প্রযুক্তি হস্তান্তর এবং প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদার হবে।
বিবৃতিতে আরও জানানো হয়, পাকিস্তান এরই মধ্যে আফ্রিকার বিভিন্ন দেশে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করছে। নতুন এই চুক্তি তার পরিধি আরও বাড়াবে এবং দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
সুদানের পক্ষ থেকে জানানো হয়েছে, এই চুক্তি দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে এবং আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় ভূমিকা রাখবে।
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়ানোর কৌশল নিয়েছে। এই চুক্তি সেই ধারাবাহিকতারই অংশ।
