পাকিস্তানে সেনাবাহিনীর সর্বাত্মক নিয়ন্ত্রণ ক্ষমতা ও আজীবন দায়মুক্তি দিতে সিনেটে একটি গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে। বিলটি অনুযায়ী, সেনাপ্রধান জেনারেল আসিম মুনির এখন থেকে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী—তিন বাহিনীর ওপর পূর্ণ নেতৃত্ব ও নিয়ন্ত্রণ ক্ষমতা পাবেন। এতে কার্যত পুরো সামরিক কাঠামো এককভাবে তার অধীনে একীভূত হবে।
সোমবার ইসলামাবাদে অনুষ্ঠিত সিনেট অধিবেশনে সংখ্যাগরিষ্ঠ সমর্থনে বিলটি পাস হয়। এতে আরও বলা হয়েছে, জেনারেল আসিম মুনির তার দায়িত্বকালীন সময় এবং অবসর–উত্তর সময়েও আজীবন আইনি দায়মুক্তি ভোগ করবেন। অর্থাৎ, তার বিরুদ্ধে কোনো মামলা বা আইনি পদক্ষেপ নেওয়া যাবে না।
তবে বিলটি কার্যকর হওয়ার জন্য এখনো পাকিস্তানের জাতীয় পরিষদে (লোয়ার হাউস) অনুমোদনের অপেক্ষায় রয়েছে। লোয়ার হাউসেও বিলটি পাস হলে তা রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে আইনে পরিণত হবে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই বিলের মাধ্যমে পাকিস্তানে সেনাবাহিনীর প্রভাব আরও বেড়ে যাবে এবং বেসামরিক প্রশাসনের ভূমিকা সীমিত হয়ে পড়বে। অনেকেই আশঙ্কা করছেন, এটি দেশটিতে সামরিক আধিপত্যকে স্থায়ী রূপ দেবে।







