চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বা বোমা তৈরির সময় বিস্ফোরণে টমাস আলী (৩৫) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুর দেড়টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা সীমান্ত এলাকার একটি ঘাসের জমিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহত টমাস আলী শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর টোলা গ্রামের গোলাম মর্তুজার ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ শিবগঞ্জ উপজেলা কৃষক লীগের শ্রম বিষয়ক সম্পাদক এবং চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুলের ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর দেড়টার দিকে হঠাৎ প্রচণ্ড বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের বিকট শব্দ শুনে ও ধোঁয়ার কুণ্ডলী দেখে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং আশপাশে বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখেন।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মনাকষা ইউনিয়নের চৌকা সীমান্তে ককটেল তৈরির সময় বিস্ফোরণে একজন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে পড়ে থাকা ককটেল তৈরির সরঞ্জামগুলো আলামত হিসেবে জব্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, নিহত টমাস কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুলের পিএস ছিলেন। আগামী ডিসেম্বর মাসকে কেন্দ্র করে এলাকায় নাশকতা সৃষ্টির উদ্দেশ্যেই এসব ককটেল বা বোমা তৈরি করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।







