অগ্রণী ব্যাংকে থাকা শেখ হাসিনার লকার থেকে ৮৩২ ভরি স্বর্ণালংকার জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) টাস্কফোর্স। মঙ্গলবার রাতে সংশ্লিষ্ট একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর দিলকুশায় অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় থাকা ৭৫১ ও ৭৫৩ নম্বর লকার দুটি এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল জব্দ করে। কর ফাঁকির সম্ভাব্য অভিযোগ যাচাইয়ের অংশ হিসেবে লকার দুটির ওপর নিয়ন্ত্রণ নেওয়া হয়েছিল বলে এনবিআর জানায়।
এর পাশাপাশি গত ১০ সেপ্টেম্বর পূবালী ব্যাংকের মতিঝিল শাখার ১২৮ নম্বর লকারও জব্দ করে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল। তিনটি লকারেই মূল্যবান সম্পদের অস্তিত্ব থাকা এবং আয়-ব্যয়ের স্বচ্ছতা যাচাইয়ের প্রয়োজনীয়তার ভিত্তিতে এসব পদক্ষেপ নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
স্বর্ণালংকার জব্দের পর টাস্কফোর্সের সদস্যরা সেগুলোর তালিকা তৈরি করেন এবং তদন্তের পরবর্তী ধাপের জন্য নিরাপদ হেফাজতে নেওয়া হয়েছে। কর ফাঁকির কোনো প্রমাণ মিললে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।







