ভারতের শিলিগুড়িতে বাংলাদেশি নাগরিকদের কাছে হোটেল ভাড়া না দেওয়ার ঘোষণা দিয়েছেন সেখানকার হোটেল মালিকরা। শহরের হোটেল ব্যবসায়ীদের একটি সংগঠন জানিয়েছে, দেশের স্বার্থ বিবেচনায় নিয়ে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। যদিও এতে ব্যবসায়িকভাবে কিছুটা ক্ষতির আশঙ্কা করছেন হোটেল মালিকদের একাংশ। টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে শিলিগুড়িতে বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভের পর ভিসা অফিস বন্ধ করে দেওয়া হয়।
বৃহত্তর শিলিগুড়ি হোটেল ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক উজ্জ্বল ঘোষ জানান, গত বছরের ডিসেম্বরে প্রথমবারের মতো এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সে সময় শিক্ষার্থী ও চিকিৎসার উদ্দেশ্যে আসা বাংলাদেশিদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা কিছুটা শিথিল রাখা হয়। তবে বর্তমানে সেই ছাড়ও বাতিল করা হয়েছে এবং এখন থেকে কোনো বাংলাদেশি নাগরিককেই হোটেল ভাড়া দেওয়া হবে না।
উজ্জ্বল ঘোষ বলেন, বাংলাদেশে কথিত সহিংসতা ও ভারতবিরোধী বক্তব্যের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, সংগঠনের আওতাভুক্ত শিলিগুড়ির ১৮০টি হোটেল এ সিদ্ধান্ত কঠোরভাবে অনুসরণ করবে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রতিবছর শিক্ষা, পর্যটন ও চিকিৎসাসহ নানা উদ্দেশ্যে বিপুল সংখ্যক বাংলাদেশি শিলিগুড়ি ভ্রমণ করে থাকেন।







