তাইওয়ানের কাছে রেকর্ড পরিমাণ অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়ার পর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিয়েছে চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ২০টি মার্কিন প্রতিরক্ষা প্রতিষ্ঠান ও ১০ জন শীর্ষ নির্বাহীর ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে বেইজিং। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দেয়। টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।
চলতি মাসের শুরুতে ট্রাম্প প্রশাসন তাইওয়ানের জন্য আটটি নতুন অস্ত্র প্যাকেজ অনুমোদন দেয়, যার মোট মূল্য ১১ বিলিয়ন ডলারেরও বেশি।
ওয়াশিংটনের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে চীন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘তাইওয়ান ইস্যু চীনের মূল স্বার্থের কেন্দ্রবিন্দু এবং চীন–মার্কিন সম্পর্কের ক্ষেত্রে এটি একটি প্রথম সারির রেড লাইন। এই সীমা কোনোভাবেই অতিক্রম করা উচিত নয়।’
বিবৃতিতে আরও বলা হয়, নিষেধাজ্ঞার আওতায় থাকা প্রতিষ্ঠান ও ব্যক্তিদের চীনে থাকা সব স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ করা হবে। পাশাপাশি চীনের প্রতিষ্ঠান ও ব্যক্তিদের সঙ্গে তাদের যেকোনো ধরনের ব্যবসায়িক লেনদেন নিষিদ্ধ করা হবে।
চীন সতর্ক করে দিয়ে জানিয়েছে, তাইওয়ান ইস্যুতে সীমা অতিক্রম করে যেকোনো উসকানিমূলক কর্মকাণ্ডের জবাবে বেইজিং শক্ত ও দৃঢ় প্রতিক্রিয়া জানাবে।
একই সঙ্গে এক-চীন নীতি ও চীন–মার্কিন তিনটি যৌথ ইশতেহার মেনে চলার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রকে তাইওয়ানের কাছে অস্ত্র সরবরাহ বন্ধ করার এবং তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত না করার অনুরোধ করেছে চীন।







