প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে ইফতার মাহফিলের দাওয়াত দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এই মাহফিলে উপস্থিত থাকার বিষয়ে প্রধানমন্ত্রী ইতিবাচক সাড়া দিয়েছেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি আনুষ্ঠানিকভাবে ইফতার মাহফিলের দাওয়াতপত্রটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিয়া গোলাম পরওয়ার বলেন, মূলত মাহে রমজান উপলক্ষে আগামী ২৮ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানের দাওয়াত দিতেই তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসেছিলেন।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে দাওয়াত কবুল করেছেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়ে আশ্বস্ত করেছেন। জামায়াতের আমিরের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে তাঁর স্ত্রী ও কন্যাসহ সপরিবারে উপস্থিত থাকার বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
উভয় পক্ষের এই সৌজন্য সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ২৮ ফেব্রুয়ারির এই ইফতার মাহফিলে দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।







