জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার বেলা ১১টায় দিনাজপুর জেলা জামায়াতের উদ্যোগে স্থানীয় ইনস্টিটিউট মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি গণমিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর জেলা জামায়াতের সাবেক আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য আফতাব উদ্দীন মোল্লা। জেলা আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক, সহকারী সেক্রেটারি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, সহকারী সেক্রেটারি মাওলানা সাইদুল ইসলাম সৈকত, দিনাজপুর-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ এ কে এম আফজালুল আনাম, দিনাজপুর সদর আসনের প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলম, দিনাজপুর শহর ছাত্রশিবিরের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মাসুদ রানা, ফুলবাড়ী উপজেলা জামায়াত নেতা আনোয়ার হোসেন এবং ছাত্রশিবির উত্তর জেলা সভাপতি সোহানুর রহমান সোহানসহ অন্যান্য নেতারা।
বক্তারা অভিযোগ করেন, জুলাই সনদ বাস্তবায়িত হলে রাষ্ট্র থেকে অবৈধ অর্থপাচারের সুযোগ বন্ধ হবে। তাদের দাবি, এ কারণেই সরকার জুলাই সনদ বাস্তবায়নে আগ্রহ দেখাচ্ছে না।
তারা আরও বলেন, যারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং স্বাধীন গুম কমিশনের পক্ষে নয়, তারাই গণভোটের রায় বাস্তবায়নের বিরোধিতা করছে। বক্তারা সরকারের প্রতি দ্রুত গণভোটের রায় মেনে নিয়ে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান।
সমাবেশে বক্তারা দাবি করেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ গণভোটে সংস্কার প্রস্তাবের পক্ষে মত দিয়েছে। দীর্ঘ সময় অতিবাহিত হলেও সেই সংস্কার বাস্তবায়ন না হওয়ায় তারা হতাশা প্রকাশ করেন। জনগণের রায়ের প্রতি সম্মান জানিয়ে দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
সমাবেশ ও গণমিছিলে জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং সমর্থক অংশ নেন।







