ভারতের পশ্চিমবঙ্গের হবু মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রাথকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৬ মে) কলকাতার মধ্যমগ্রাম এলাকায় এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, চন্দ্রনাথের ওপর অতর্কিত এই হামলায় তাঁর সাথে থাকা আরও একজন গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চন্দ্রনাথ রাথ তাঁর এক সহযোগীকে নিয়ে গাড়ি করে যাচ্ছিলেন। এ সময় একদল আততায়ী তাঁদের অনুসরণ করতে থাকে। মাঝপথে গাড়িটির গতি কিছুটা কমলে ঘাতকরা চন্দ্রনাথকে লক্ষ্য করে চারটি গুলি ছোড়ে। এর মধ্যে তিনটি গুলিই চন্দ্রনাথের শরীরে লাগে, যার ফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আহত অন্য ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির নিরঙ্কুশ জয়ের ঠিক দুদিন পরই এই হত্যাকাণ্ড ঘটল। গত ৪ মে নির্বাচনের ফলাফল প্রকাশের পর প্রথমবারের মতো রাজ্যটিতে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি। রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম যখন আলোচনার তুঙ্গে, ঠিক সেই মূহুর্তেই তাঁর দীর্ঘদিনের বিশ্বস্ত এই সহকারীর প্রাণ হারানো রাজনৈতিক মহলে বড় ধরনের ধাক্কা দিয়েছে।
শুভেন্দু অধিকারীর ছায়াসঙ্গী হিসেবে পরিচিত চন্দ্রনাথ রাথ দীর্ঘ কয়েক বছর ধরে তাঁর অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজগুলো দেখাশোনা করতেন। এমন স্পর্শকাতর সময়ে এই হত্যাকাণ্ড পরিকল্পিত কি না, তা নিয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।







